প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক নার্সকে যৌন হেনস্থা ও মারধরের অভিযোগ উঠল গড়বেতার বিএমওএইচ প্রবীর কুমার বাউড়ির বিরুদ্ধে। রবিবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই স্বাস্থ্য মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগকারী তরুণী পেশায় কমিউনিটি হেলথ অফিসার। গত বৃহস্পতিবার কিছু কাগজপত্র সংগ্রহের জন্য গড়বেতার বিএমওএইচ অফিসে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেখানেই তাঁকে প্রেমের প্রস্তাব দেন প্রবীর কুমার বাউড়ি। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি তরুণী। এরপরই তাঁকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, তাঁকে মারধরও করা হয়েছে।

ঘটনায় আহত ওই নার্স বর্তমানে গড়বেতা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। লজ্জায় প্রথমে থানায় অভিযোগ জানাতে চাননি। তবে শেষ পর্যন্ত রবিবার গড়বেতা থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। এর মধ্যে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ। তাঁর খোঁজে তল্লাশি চালিয়ে রবিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। সোমবার ধৃতকে গড়বেতা আদালতে পেশ করা হয়।

অন্যদিকে, অভিযুক্ত স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে আরও কয়েকজন নার্সকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

Leave a comment