প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নথিভুক্তির নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মোট ৩২ লক্ষ কৃষকের নাম এই প্রকল্পে নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই তথ্য জানান তিনি।
বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিমার সুবিধা দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। অগস্ট মাস থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় শিবির করে কৃষকদের নাম নথিভুক্ত করার ব্যবস্থা করা হয়। বন্যাকবলিত জেলাগুলিতেও সেই প্রক্রিয়ায় উল্লেখযোগ্য সাড়া মিলেছে।
জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, পূর্ব মেদিনীপুরে ৭.২৩ লক্ষ, পশ্চিম মেদিনীপুরে ৪.৭৩ লক্ষ, হুগলিতে ১.৬৮ লক্ষ এবং ঝাড়গ্রামে প্রায় ৪২ হাজার কৃষক এই বিমা প্রকল্পের আওতায় এসেছেন। কৃষকদের বিমার খরচ কম রাখতে প্রিমিয়ামের বড় অংশ রাজ্য সরকার বহন করছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
জানা গিয়েছে, ১ হেক্টর অর্থাৎ প্রায় ২.৫০ একর পর্যন্ত জমির ক্ষেত্রে কৃষকদের কাছ থেকে নেওয়া হচ্ছে মাত্র ১ টাকা। ১ থেকে ২ হেক্টর জমির ক্ষেত্রে কৃষকদের দিতে হচ্ছে একরপিছু ১০০ টাকা। বাকি প্রিমিয়ামের অর্থ রাজ্যের কোষাগার থেকেই মেটানো হচ্ছে বলে দাবি মুখ্যমন্ত্রীর।
এদিকে অগস্টের বন্যায় যাঁদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের দ্রুত বিমার টাকা পাইয়ে দিতে পদক্ষেপ করেছে রাজ্য। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য বিমা সংস্থাগুলিকে দ্রুত ‘মিড-সিজন অ্যাডভার্সিটি’ মূল্যায়ন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে দ্রুত ক্ষতিপূরণ পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
ব্যাঙ্ক থেকে কৃষিঋণ নেওয়া কৃষকদের ক্ষেত্রেও নথিভুক্তির সময় বাড়ানো হয়েছে। তাঁদের প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় আনার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত সময় দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রীর পোস্টে জানানো হয়েছে। কেন্দ্রের সরকারি তথ্যেও পশ্চিমবঙ্গে ২০২৬-২৭ অর্থবর্ষে ফসল বিমা প্রকল্পের সম্প্রসারণের কথা উল্লেখ রয়েছে।
তবে নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী পূর্ববর্তী সরকারের আমলে এই প্রকল্পের নথিভুক্তি বন্ধ থাকার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ২০১৯-২০ সালে সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় রাজ্যের কৃষকেরা ফসল বিমার সুরক্ষা থেকে বঞ্চিত হন। বর্তমান সরকার ফের প্রকল্পটি চালু করেছে বলেও দাবি করেছেন তিনি।

Leave a comment