পুকুরের জলে বিষ মিশিয়ে মাছ মেরে দেওয়ার অভিযোগ উঠল ধূপগুড়ির উত্তর গোসাইহাট এলাকায়। বৃহস্পতিবার সকালে পুকুরের জলে অসংখ্য মৃত মাছ ভেসে উঠতে দেখেন মাছচাষি তাপস রায়। রুই, কাতলা, বাটা-সহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যাওয়ায় প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাঁর।
ধূপগুড়ি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনির বাসিন্দা তাপস রায় গোসাইহাট এলাকায় একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়ে নিয়মিত পরিচর্যা করছিলেন তিনি। মাছগুলিও ধীরে ধীরে বড় হয়ে উঠছিল। মাছ বিক্রি করে সংসারে আর্থিক সহায়তা পাওয়ার আশা করেছিলেন তিনি।
অভিযোগ, গভীর রাতে অন্ধকারের সুযোগ নিয়ে কেউ বা কারা পুকুরে বিষ ঢেলে দেয়। সকালে পুকুরের ধারে পৌঁছে তাপস দেখেন, জলের উপর ভেসে রয়েছে অসংখ্য মৃত মাছ। পুকুরের বিভিন্ন অংশেও মৃত মাছ ছড়িয়ে থাকতে দেখা যায়। ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারাও সেখানে ভিড় করেন।
মাছচাষির দাবি, এর আগেও তাঁর পুকুরে একই ধরনের ঘটনা ঘটেছিল। ফের এমন ঘটনা ঘটায় তিনি ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। তাঁর অভিযোগ, এই ঘটনায় প্রায় আড়াই লক্ষ টাকার মাছ নষ্ট হয়েছে।
ঘটনার তদন্ত চেয়ে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাপস রায়। পুকুরে সত্যিই বিষ প্রয়োগ করা হয়েছিল কি না, মাছের মৃত্যুর প্রকৃত কারণ কী এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তিনি। ঘটনার জেরে এলাকাতেও চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a comment