দ্বিতীয় এসএলএসটির নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। সোমবার প্রকাশিত হয়েছে সংশোধিত প্রাথমিক তালিকা। ইন্টারভিউয়ের জন্য কোন কোন প্রার্থী বিবেচিত হয়েছেন, তাঁদের নাম রয়েছে এই তালিকায়।

কলকাতা হাইকোর্টের ১৪ সেপ্টেম্বরের নির্দেশের পাশাপাশি অনগ্রসর কল্যাণ দফতরের নির্দেশিকা মেনেই তালিকাটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। তালিকা দেখতে পারবেন https://westbengalssc.com এবং https://wbsschelpdesk.com ওয়েবসাইটে।

তালিকায় নাম থাকলেই অবশ্য নিয়োগ চূড়ান্ত নয়। প্রথমে প্রার্থীদের নথিপত্র পরীক্ষা করা হবে। তার পর ইন্টারভিউ এবং ক্লাস টিচিং বা লেকচার ডেমনস্ট্রেশনের ধাপ রয়েছে। এই প্রক্রিয়া কবে শুরু হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট দিন জানায়নি এসএসসি। পরবর্তী সূচি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পোর্টালে লগ-ইন করে নিজের নাম ও রোল নম্বর মিলিয়ে নিতে পারবেন প্রার্থীরা।

শিক্ষক নিয়োগের এই প্রক্রিয়ার দিকে বেশ কিছুদিন ধরেই নজর রয়েছে চাকরিপ্রার্থীদের। সংশোধিত তালিকা প্রকাশের পর এ বার পরবর্তী ধাপ শুরুর অপেক্ষা। তবে নথি যাচাই, ইন্টারভিউ-সহ বাকি প্রক্রিয়া শেষ হতে কতটা সময় লাগবে, তা এখনও জানা যায়নি।

Leave a comment