৬ অক্টোবর উপনির্বাচন, তার আগেই জোরকদমে প্রচার চলছে রেজিনগরে। বিজেপি প্রার্থী শাখারভ সরকারের সমর্থনে এবার রেজিনগরে প্রচার পর্ব সারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার প্রচারের সভা থেকেই আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারীর বার্তা, “রেজিনগর সরকারের সাথে থাকবে।”
এদিনের সভা থেকে তিনি আরও বলেন, “শুধু সময়ের অপেক্ষা তিনিও বিধানসভায় আমার সঙ্গে প্রবেশ করবেন তার নাম শাখারভ সরকার। কেউ আটকাতে পারবে না। রেজিনগরের মানুষ সম্প্রদায়ের বিভাজন নয়, তারা উন্নয়ন চায়।” কার্যত রেজিনগরে পদ্ম ফোটাতে শুভেন্দু অধিকারী যে বদ্ধ পরিকর তা তার বার্তাতেই স্পষ্ট বোঝা যাচ্ছে।
এদিনের সভা থেকে প্রাক্তন তৃণমূলের সরকারকেও নিশানা করেন অধিকারী। তিনি বলেন, ”টাকা চুরি, আবাস চুরি, চাকরি চুরি এত বেকার, শিল্প ধ্বংস তার জন্য আর উপর ওয়ালার মার। এখন এদের নাম নিশান নেই।”
পাশাপাশি হুমায়ুনকে কটাক্ষ করে তিনি বলেন, “তিনি বলছেন অজিত পাওয়ায় প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেল। রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী আততায়ীর হাতে খুন হয়েছে। বলছেন শুক্রবার ওপর ওয়ালা কাছে প্রার্থনা করব যাতে তাকে তাড়াতাড়ি তুলে নেয়। রাজনীতির ময়দানে লড়াই হবে বাক্য বিনিময় তর্ক আলোচনা সমালোচনা হবে একজন জিতবে অন্যজন হারবে। আর হুমায়ুন সাহেব বলছেন তুলে নেয় তাড়াতাড়ি যাতে মুখ্যমন্ত্রীকে।” এই মর্মে বিচারের ভার রেজিনগরের হাতে তুলে দিয়েছেন বলেও জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a comment