দুর্গাপুজো শেষ হতেই আবহাওয়ায় বদল। দিনের তুলনায় সকাল ও রাতে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। তবে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দ্বাদশীর দিন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেটি কতটা শক্তিশালী হবে, তা এখনও জানা যায়নি। নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনও আশঙ্কা রয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ০.৫ ডিগ্রি কম। শহরে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই।

জেলাগুলির মধ্যে পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির ঘরে। আলিপুরদুয়ারে তা ১৮ ডিগ্রি। তবে আগামী সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। ফলে এখনকার শুষ্ক আবহাওয়া বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে দ্বাদশী পর্যন্ত আকাশ পরিষ্কার থাকার কথা। তবে দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াঙে দ্বাদশী থেকে বৃষ্টি হতে পারে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে তার প্রভাব বাংলার আবহাওয়ায় কতটা পড়ে, এখন সেটাই দেখার। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

Leave a comment