সেবা সংকল্প অভিযান ঘিরে কলকাতায় বৈঠক করতে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের প্রশংসা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মাত্র চার মাসের প্রশাসনিক কাজকর্ম নিয়েই দেশের বিভিন্ন প্রান্তে আলোচনা হচ্ছে বলে দাবি করলেন তিনি। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার উন্নয়ন আরও গতি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন কেন্দ্রীয় মন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজনাথ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। বাংলাতেও সেই উন্নয়নের ধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রাজ্য সরকার। তাঁর বক্তব্য, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে অংশীদার হবে।
বাংলার শিল্প সম্ভাবনার কথাও উঠে আসে প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে। আগামী দিনে শিপ বিল্ডিং হাব হিসেবে পশ্চিমবঙ্গ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। মোদির দীর্ঘ প্রশাসনিক জীবনের প্রসঙ্গ টেনে রাজনাথের মন্তব্য, তাঁর ২৫ বছরের প্রশাসনিক যাত্রাকে এক শব্দে ব্যাখ্যা করতে হলে সেটি ‘সেবা’। বিরোধিতা এবং নানা প্রতিকূলতার মধ্যেও উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই প্রধানমন্ত্রী এগিয়েছেন বলে দাবি করেন তিনি। একই পথে বাংলার বর্তমান সরকারও কাজ করবে বলে প্রত্যাশা প্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী।

Leave a comment