পুজোর প্রস্তুতির মধ্যেই ফের বৃষ্টির ভ্রুকুটি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির দাপট চলতে পারে। উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে পুরীর জন্যও জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকেই পুরীতে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। বুধবার সেখানে চরম ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার এবং বৃহস্পতিবারও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে পুরীতে বৃষ্টির দাপট কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর আগে পুরীতে বেড়াতে যাওয়া পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়াতে পারে। সোমবারই সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার আরও শক্তিশালী হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। বুধবার সকালে অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলের কাছে সেটি পৌঁছতে পারে বলে পূর্বাভাস।

এই নিম্নচাপের প্রভাবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। টানা বৃষ্টির জেরে নিচু এলাকাগুলিতে ফের জল জমার আশঙ্কাও রয়েছে। উত্তরবঙ্গ ও সিকিমেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও হাওড়ায় অবশ্য হালকা থেকে মাঝারি বৃষ্টিই হতে পারে।

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় বৃষ্টির দাপট থাকবে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দার্জিলিং এবং জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং ও জলপাইগুড়িতেও বৃষ্টি চলবে।

শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরের পাশাপাশি সিকিমেও ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

শনিবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং সিকিমে বৃষ্টির পূর্বাভাস বহাল থাকবে। তবে এই মুহূর্তে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনও পূর্বাভাস দেয়নি মৌসম ভবন।

Leave a comment