আসন্ন দুর্গাপুজো। বাকি আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। সারা শহরজুড়ে তথা গোটা রাজ্যে জোরকদমে চলছে কেনাকাটা। কেউ কেউ পুজোর বাজার সেরে ফেলছেন, আবার কেউ অক্টোবরের শুরুতেই শপিংয়ে বেরোনোর পরিকল্পনা করেছেন। এর মধ্যেই আবহাওয়া নিয়ে সবারই অল্পবিস্তর চিন্তা রয়েছে। এহেন পরিস্থিতিতে পুজোর আগে ফের নিম্নচাপের প্রভাবে রাজ্যে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
জানা যাচ্ছে, চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকেই পরিস্থিতির পরিবর্তন হতে পারে। সমুদ্রও উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। সেই কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফের নিম্নচাপের ভ্রূকুটি সারা বঙ্গে।
আবহাওয়া দফতর জানিয়েছে, মায়ানমার উপকূল, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় তৈরি হওয়া গভীর নিম্নচাপটি বর্তমানে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। সেটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগোবে। দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও মায়ানমার, মিজোরাম, ত্রিপুরা এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার দিকে এগোনোর পর আগামী ২৪ ঘণ্টায় ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ ও মায়ানমার উপকূলবর্তী সমুদ্র উত্তাল থাকতে পারে। উত্তর-পূর্ব এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। উপকূলের কাছে মৎস্যজীবীদের জন্য আপাতত কোনও সতর্কবার্তা না থাকলেও বুধবার উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের গভীর অংশে যেতে নিষেধ করা হয়েছে।
এই নিম্নচাপের প্রভাবেই বৃহস্পতিবার ও শুক্রবার উপকূলের কাছাকাছি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত জলীয়বাষ্পের কারণে অস্বস্তি বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গেও আপাতত পুরোপুরি স্বস্তি নেই। বুধবার উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ৫ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে।

Leave a comment