নেপালের বিপর্যয়ের ছোঁয়া উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও! বিপর্যয়ের বিধ্বস্ততার কথা মাথায় রেখেই তাই সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরের পাহাড়ি এলাকাগুলোয়। এর মধ্যেই ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবারের ঝটিকা সফরে উত্তরকন্যায় আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী।

পাহাড়ের বর্তমান প্রাকৃতিক ও ভৌগোলিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার জন্য উত্তরবঙ্গে হাজির হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, বাগডোগরা বিমানবন্দরে নেমেই কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাগডোগরা থেকে হেলিকপ্টারে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। কিন্তু আবহাওয়া খারাপ থাকলে সড়কপথেও যেতে পারেন তিনি।

কালিম্পংয়ের টাউন হলে পাহাড়বাসীর হাতে সামাজিক প্রকল্পের সুবিধা তুলে দেবেন এবং বৈঠকও করবেন তিনি। এরপরেই তিনি সরাসরি শিলিগুড়িতে ফিরে উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করবেন। কেবল উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনাই নয় বরং আলোচনার মূল কেন্দ্রে থাকবে দুর্যোগ মোকাবিলার আগাম প্রস্তুতি।

জানা গিয়েছে, পাহাড়ের ধসপ্রবণ এলাকা, সংকীর্ণ ও বিপজ্জনক নদী-খাল এবং পাহাড়ি রাস্তার নিরাপত্তা খতিয়ে দেখার পাশাপাশি দুর্যোগ নামার আগেই পাহাড়ি এলাকার ঝুঁকিপূর্ণ জনবসতিগুলিতে কীভাবে দ্রুত সতর্কবার্তা পাঠানো যায়, তারজন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হবে। উত্তরবঙ্গের মাটি থেকেই বিপর্যয় নিয়ে ব্যবস্থা নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a comment