ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে শনিবার দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, শনিবার দুপুর অথবা বিকেলের দিকে তাঁর রাজধানীর উদ্দেশে রওনা দেওয়ার কথা। ব্রিকসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ নৈশভোজেও অংশ নেবেন তিনি। ১১ ও ১২ সেপ্টেম্বর দিল্লিতে বসছে দু’দিনের ব্রিকস সম্মেলন। প্রথম দিন ভারত মণ্ডপমে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা। 

আন্তর্জাতিক এই সম্মেলনে একাধিক দেশের রাষ্ট্রপ্রধান এবং শীর্ষ নেতৃত্বের উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানও সম্মেলনে থাকবেন বলে জানা যাচ্ছে।

সম্মেলনের প্রথম দিনের কর্মসূচি শেষে রাষ্ট্রপতি ভবনে বিদেশি অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে। সূত্রের দাবি, দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ওই নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই আমন্ত্রণপত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছেছে। ফলে ব্রিকসের নৈশভোজে শুভেন্দুর যোগদান কার্যত নিশ্চিত বলেই জানা যাচ্ছে।

নৈশভোজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি পুতিন, জিনপিং এবং পেজেসকিয়ানের মতো রাষ্ট্রনেতাদের সঙ্গে একই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর এই প্রথম বড় আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ। ফলে দিল্লি সফরকে ঘিরে রাজনৈতিক মহলেও যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে।

এদিকে শুভেন্দুর দিল্লি সফরের সঙ্গে আরও একটি সম্ভাব্য কর্মসূচির কথা সামনে এসেছে। সূত্রের খবর, দিল্লির পর তিনি মুম্বই যেতে পারেন। সেখানে শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে তাঁর সাক্ষাৎ ও বৈঠক হতে পারে। বাংলায় শিল্প ও বিনিয়োগ বাড়ানোর বিষয়েই দু’জনের মধ্যে আলোচনা হতে পারে বলে জল্পনা রয়েছে।

রাজ্য সরকারের শিল্পায়নকেন্দ্রিক পরিকল্পনার মধ্যে নতুন বিনিয়োগ আনা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সেই পরিস্থিতিতে আম্বানির সঙ্গে সম্ভাব্য বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও এই বৈঠক বা মুম্বই সফরের বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

Leave a comment