কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩২তম সংস্করণ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। উৎসবের প্রস্তুতি নিয়ে নন্দনে প্রাথমিক বৈঠকও সেরে ফেলেছে আয়োজকরা। আর সেই বৈঠক থেকেই উঠে এসেছে সম্ভাব্য অতিথিদের নাম। সূত্রের খবর, এবারের উদ্বোধনী অনুষ্ঠানে চেনা বলিউডি তারকা-নির্ভরতার বাইরে গিয়ে দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখগুলিকে সামনে আনার ভাবনা রয়েছে।

এই প্রেক্ষাপটেই আলোচনায় এসেছে রজনীকান্ত এবং প্রভাসের নাম। তাঁদের পাশাপাশি অমিতাভ বচ্চনকেও উদ্বোধনী মঞ্চে আমন্ত্রণ জানানোর প্রস্তাব দিয়েছেন ৩২তম KIFF-এর মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী। তবে কারা শেষ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তা এখনও নিশ্চিত নয়। প্রস্তাবটি নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে মাত্র।

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তারকাদের উপস্থিতি বরাবরই অন্যতম আকর্ষণ। আগের বছরগুলিতে শাহরুখ খান থেকে সলমন খান, অমিতাভ বচ্চন থেকে রানি মুখোপাধ্যায়—বলিউডের একাধিক তারকা KIFF-এর মঞ্চে হাজির হয়েছেন। একটা সময় শাহরুখ খানের উপস্থিতি উৎসবের উদ্বোধনকে ঘিরে আলাদা উন্মাদনা তৈরি করত। সাম্প্রতিক কয়েকটি সংস্করণে অবশ্য সেই ছবি দেখা যায়নি। 

এবার সেই জায়গাতেই নতুন চমক আনার পরিকল্পনা হচ্ছে বলে খবর। মিঠুন চক্রবর্তীর প্রস্তাবে রজনীকান্ত ও প্রভাসের নাম উঠে আসায় দক্ষিণী সিনেমার দুই প্রজন্মের জনপ্রিয় তারকাকে একই মঞ্চে দেখা যেতে পারে কি না, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। অমিতাভ বচ্চনের নামও তালিকায় থাকায় উদ্বোধনী অনুষ্ঠান আরও তারকাখচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

তবে অতিথিদের তালিকা এখনও চূড়ান্ত হয়নি। আরও কয়েকজন তারকাকে আমন্ত্রণ জানানো যায় কি না, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। ফলে শেষ পর্যন্ত কারা KIFF-এর উদ্বোধনী মঞ্চে হাজির হন, সেই অপেক্ষাই এখন।

এদিকে উৎসবের আয়োজনে আরও কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। এবারের KIFF-এর লোগোর রং বদলে গেরুয়া করা হয়েছে। ইতিমধ্যেই দেশ-বিদেশের বিভিন্ন ভাষার ছবি জমা পড়তে শুরু করেছে উৎসবের জন্য।

৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মুখ্য উপদেষ্টার দায়িত্ব সামলাচ্ছেন মিঠুন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই উৎসবের প্রস্তুতি নিয়ে নন্দনে বৈঠক হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের চলচ্চিত্র উৎসব। আট দিন ধরে চলার পর ২৩ ডিসেম্বর পর্দা নামবে ৩২তম KIFF-এর।

Leave a comment