পড়া না পারায় এক শিশুকন্যাকে মারধরের অভিযোগ উঠল তার গৃহশিক্ষিকার বিরুদ্ধে। শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ রয়েছে। কয়েকটি জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে বলেও জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। ঘটনাটি আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুরের। এই ঘটনায় গৃহশিক্ষিকার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুটির মা-বাবা। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত।

জানা গিয়েছে, রূপনারায়ণপুরের বাসিন্দা ওই নাবালিকা। বেশ কিছুদিন ধরে গার্গী ঘোষ নামে এক মহিলা তাকে বাড়িতে পড়াতেন। তিনি এলাকার দুর্গামন্দির সংলগ্ন বিনায়ক কমপ্লেক্সের বাসিন্দা। পরিবারের অভিযোগ, পড়া না পারায় শিশুটিকে মারধর করেন ওই গৃহশিক্ষিকা। পরে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ দেখতে পান বাড়ির লোকজন। অসুস্থ হয়ে পড়ে শিশুটিও।

এরপরই বিষয়টি নিয়ে সালানপুর থানায় যান নাবালিকার মা-বাবা। গৃহশিক্ষিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে গার্গী ঘোষের বক্তব্য, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কোনও সত্যতা নেই। শিশুটির শরীরে কীভাবে আঘাত লাগল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a comment