মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে প্রতি বছরই ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের সামলাতে পরিবহণ, থাকা-খাওয়া থেকে শুরু করে নিরাপত্তা, সব দিকেই নজর রাখতে হয় প্রশাসনকে। এবারও সেই প্রস্তুতি শুরু হয়েছে। পুণ্যার্থীর সংখ্যা বাড়তে পারে ধরে নিয়ে মেলার আয়োজন নিয়ে তৎপর নবান্ন। তবে এবার ভিআইপিদের জন্য আলাদা কোনও ব্যবস্থা রাখতে চাইছে না প্রশাসন। সাধারণ মানুষ থেকে বিশিষ্ট ব্যক্তি, সকলের জন্য একই পরিষেবা চালু রাখাই লক্ষ্য।
প্রশাসন সূত্রে খবর, মেলার পরিধি বাড়ায় এবার পুণ্যার্থীদের ভিড়ও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কথা মাথায় রেখে মেলাপ্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কয়েক লক্ষ অস্থায়ী তাঁবু তৈরির পরিকল্পনা করা হয়েছে। পুণ্যার্থীদের জন্য পানীয় জল, স্নান এবং ভাণ্ডারার ব্যবস্থা থাকবে। ভিড় সামলাতে বাড়ানো হবে স্নানের ঘাটের সংখ্যাও। কপিলমুনির আশ্রমে পুজো দিতে গিয়ে যাতে ভিড়ের মধ্যে সমস্যায় পড়তে না হয়, সে জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিরাপত্তার ক্ষেত্রেও এবার বাড়তি সতর্কতা নিচ্ছে প্রশাসন। কলকাতা থেকে গঙ্গাসাগর যাওয়ার পথে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলবে। পাশাপাশি এআই প্রযুক্তির সাহায্যেও পরিস্থিতির উপর নজর রাখা হবে। হেলিকপ্টার থেকেও নজরদারির ব্যবস্থা থাকছে। আকাশপথ ও জলপথে রাজ্য প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর যৌথ নজরদারির পরিকল্পনাও রয়েছে।
এদিকে, জলপথে পুণ্যার্থীদের যাতায়াত সহজ করতে অতিরিক্ত ভেসেল চালানো হবে। মেলাপ্রাঙ্গণে থাকবে অনুসন্ধান কেন্দ্র। স্বেচ্ছাসেবকদের জন্য থাকবে সচিত্র পরিচয়পত্র, যাতে প্রয়োজনে তাঁদের সহজেই চেনা যায়। মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার ফের বৈঠকে বসার কথা প্রশাসনিক কর্তাদের। কলকাতা থেকে আধিকারিকদের কাকদ্বীপে যাওয়ার কথা। সেখানে পরিবহণ ও নিরাপত্তাসহ মেলার নানা বিষয় নিয়ে আলোচনা হবে।

Leave a comment