সরকারি কাজের টেন্ডার নিয়ে নতুন নির্দেশিকা জারি করল অর্থ দফতর। রাজ্যের ২৬টি দফতর এবং তাদের অধীনস্থ অফিসকে এ বার থেকে নতুন ই-টেন্ডার প্রকাশ করতে হবে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে। সোমবারের নির্দেশিকায় জানানো হয়েছে, www.tenders.wb.gov.in ছাড়া অন্য কোনও পোর্টালে নতুন দরপত্র প্রকাশ করা যাবে না।

২০২৫ সালের ৩ ডিসেম্বর চালু হয়েছিল রাজ্যের এই ই-টেন্ডার পোর্টাল। শুরুতে কয়েকটি দফতরকে সেখানে টেন্ডার প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। পরে চলতি বছরের ১২ অগস্ট পূর্ত দফতর-সহ আরও কয়েকটি দফতরকে এই তালিকায় আনা হয়। এ বার নতুন নির্দেশিকায় আরও ২৬টি দফতরকে যুক্ত করল অর্থ দফতর।

কোন কোন দফতরকে এই নির্দেশ মানতে হবে? তালিকায় রয়েছে কৃষি, কৃষি বিপণন, প্রাণিসম্পদ বিকাশ, খাদ্য ও সরবরাহ, বন, শ্রম, স্কুলশিক্ষা, উচ্চশিক্ষা, আবাসন, পর্যটন, মৎস্য এবং সমবায়। এ ছাড়া তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স, তথ্য ও সংস্কৃতি, নারী ও শিশুবিকাশ, সমাজকল্যাণ, উপভোক্তা বিষয়ক, সংশোধনাগার প্রশাসন এবং দমকল ও জরুরি পরিষেবা দফতরও রয়েছে।

স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, বিচার বিভাগ, বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা, অনগ্রসর শ্রেণিকল্যাণ এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতরকেও এই নিয়ম মেনে চলতে হবে। অর্থাৎ, নতুন করে টেন্ডার ডাকলেই তা প্রকাশ করতে হবে নির্দিষ্ট পোর্টালে। আলাদা আলাদা ওয়েবসাইটে দরপত্র প্রকাশের চল এবার বন্ধ করতে চাইছে রাজ্য। ফলে বিভিন্ন দফতরের টেন্ডারের খোঁজ মিলবে একই জায়গায়।

Leave a comment