স্মার্টফোনে আপডেট নেওয়ার পরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯৯ হাজার টাকা উধাও হওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানে। ভাতারের এক যুবকের দাবি, ফোন আপডেট হওয়ার সময় তাঁর মোবাইল প্রায় ২০ মিনিট বন্ধ ছিল। আপডেট শেষ হওয়ার পর ফোন চালু করতেই ব্যাঙ্কের মেসেজ পান তিনি। মেসেজ দেখে জানতে পারেন, অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা তুলে নেওয়া হয়েছে।
পূর্ব বর্ধমানের ভাতার থানার ভুমশোর গ্রামের বাসিন্দা শেখ রাজেশ। একটি বেসরকারি ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে। রাজেশের বক্তব্য, শনিবার তাঁর স্মার্টফোন নিজে থেকেই আপডেট নিতে শুরু করে। এরপর রবিবার ব্যক্তিগত কাজে কলকাতায় যান তিনি।
রাজেশ জানিয়েছেন, কলকাতা থেকে ফেরার পথে রবিবার বিকেল প্রায় চারটে নাগাদ তাঁর ফোনে ফের আপডেট শুরু হয়। আপডেট চলার সময় প্রায় ২০ মিনিট ফোনটি বন্ধ ছিল। আপডেট সম্পূর্ণ হয়ে ফোনটি চালু হওয়ার পরেই একটি ব্যাঙ্কের মেসেজ আসে তাঁর কাছে।
সেই মেসেজে অ্যাকাউন্ট থেকে ৯৯ হাজার টাকা তুলে নেওয়ার তথ্য দেখতে পান রাজেশ। প্রথমে বিষয়টি বুঝে উঠতে পারেননি তিনি। পরে ব্যাঙ্কে যোগাযোগ করে লেনদেনের বিষয়টি নিশ্চিত করেন।
সবচেয়ে বড় প্রশ্ন, কীভাবে এই টাকা তুলে নেওয়া হল? রাজেশের দাবি, তিনি কাউকে কোনও ওটিপি দেননি। কোনও অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যাঙ্ক সংক্রান্ত গোপন তথ্যও শেয়ার করেননি বলে জানিয়েছেন তিনি। ফোন আপডেট হওয়ার সময় এবং টাকা গায়েব হওয়ার সময় কাছাকাছি হওয়ায় বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে তাঁর।
ঘটনার পর ভাতার থানায় অভিযোগ জানান রাজেশ। পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখায় ই-মেলের মাধ্যমে বিস্তারিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোনে কোনও সন্দেহজনক কার্যকলাপ হয়েছিল কি না, অ্যাকাউন্ট থেকে কীভাবে লেনদেন সম্পন্ন হয়েছে এবং টাকা কোথায় গিয়েছে—এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে ফোন আপডেট এবং আর্থিক লেনদেনের মধ্যে কোনও প্রযুক্তিগত যোগ রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট নয়। তবে ঘটনায় ডিজিটাল ব্যাঙ্কিং নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Leave a comment