দক্ষিণবঙ্গের আকাশে ফের নিম্নচাপের প্রভাব। বুধবার সকাল থেকেই শহর ও সংলগ্ন এলাকায় কখনও হালকা, কখনও মাঝারি বৃষ্টি হয়েছে। দিনের বেশিরভাগ সময়ই আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। ফলে কলকাতায় আজও থেমে থেমে বৃষ্টি চলতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বুধবার রাতের মধ্যে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও এই সময় ভারী বৃষ্টি হতে পারে।

কলকাতার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় আকাশ মূলত মেঘলা থাকবে। একাধিক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৬ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ০.২ ডিগ্রি বেশি। 

দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই আজ কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় বজ্রপাতের সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বিচ্ছিন্ন এলাকায় বজ্রপাত-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে। জারি হয়েছে কমলা সতর্কতা।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিচ্ছিন্ন ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। সেই সময় হাওয়ার সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে।

ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে। ওই এলাকাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের সব জেলাতেই বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বিচ্ছিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

পাশাপাশি উত্তরবঙ্গের প্রতিটি জেলার কিছু অংশে বজ্রপাত-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সেই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

Leave a comment