পুজোর আগে কেনাকাটার জন্য শপিং মলগুলিতে বাড়ছে ভিড়। তার মধ্যেই নিউটাউনের একটি শপিং মলে বন্ধুদের মধ্যে বচসাকে কেন্দ্র করে ছুরি হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে মলের ভিতরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, ত্রিকোণ প্রেমের সম্পর্ক সংক্রান্ত বিবাদের জেরেই এই হামলা হয়ে থাকতে পারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকজন বন্ধু শপিং মলের ভিতরে একসঙ্গে বসে কফি ও ঠান্ডা পানীয় খাচ্ছিলেন। আচমকা তাঁদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। প্রথমে বিষয়টি সাধারণ বচসা বলে মনে হলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, সেই সময় এক যুবক ব্যাগ থেকে ছুরি বের করে তাঁর এক বন্ধুর উপর হামলা চালান।
হামলায় ওই যুবকের গলা-সহ শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে বলে জানা গিয়েছে। তাঁকে বাঁচাতে দলেরই আর এক বন্ধু এগিয়ে এলে অভিযোগ, হামলাকারী তাঁকেও ছুরি দিয়ে আঘাত করেন। পরপর দু’জন আক্রান্ত হওয়ায় শপিং মলের ভিতরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন সেখানে থাকা ক্রেতা ও কর্মীরা।
ঘটনায় দু’জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এদিকে হামলার পর অভিযুক্ত যুবককে ঘটনাস্থলেই আটকে রাখা হয়। খবর পেয়ে টেকনো সিটি থানার পুলিশ সেখানে পৌঁছে অভিযুক্তকে আটক করে।
প্রাথমিক তদন্তে ত্রিকোণ প্রেমের বিষয়টি সামনে এসেছে বলে পুলিশ সূত্রে খবর। তবে সম্পর্কের বিষয়টি নিয়ে ঠিক কী ধরনের বিবাদ হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। বচসার সূত্রপাত কীভাবে এবং কেন ছুরি হামলার মতো পরিস্থিতি তৈরি হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি আহতদের বয়ান এবং শপিং মলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার ধারাবাহিকতা জানার চেষ্টা চলছে। জনবহুল এলাকায় এই ধরনের ঘটনায় শপিং মলের নিরাপত্তা ব্যবস্থাও তদন্তের আওতায় আসতে পারে।

Leave a comment