আসন্ন কলকাতা ও হাওড়ার পুরভোট। তার আগেই রণনীতি সাজাতে বঙ্গে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। পুরভোটে প্রার্থী হবেন কারা! তা নিয়ে জোর জল্পনা চলছে৷ রণকৌশলই বা কী হবে পদ্ম শিবিরের তা নিয়েই চলছে চর্চা। প্রাক্তণ তৃণমূলীরাও কী টিকিট পাবেন! তা নিয়েও রাজনৈতিক টানাপোড়েন বর্তমান। এহেন পরিস্থিতিতে ভোট পূর্ববর্তী ছক সাজাতে ২ নভেম্বর কলকাতায় আসছেন নীতিন নবীন। কালীপুজোর পর আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

পাশাপাশি ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে অস্ত্রে শান দিতে দেশজুড়ে প্রচারে নামছে বিজেপি। বাদ যাবে না বাংলাও। আগামী শনিবার থেকে ৫ নভেম্বর পর্যন্ত ‘গণতন্ত্র বাঁচাও-অরাজকতা হটাও’ কর্মসূচি পালন করা হবে বঙ্গে। বিজেপির সর্বভারতীয় সভাপতির পদে নবীনের পদাসীন হওয়ার পরে এটিই হবে প্রথম বড় কর্মসূচি। ২ নভেম্বর ‘গণতন্ত্র বাঁচাও-অরাজকতা হটাও’ মহামিছিল করবে বিজেপি। সেখানেই যোগ দেবেন নীতীন নবীন। এছাড়াও এই মিছিলে যোগ দেবেন মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দলের রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ রাজ‌্য বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং রাজ্যের মন্ত্রীরা। এই মহামিছিল হবে কলেজস্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত।

একদিনের জন্যই কলকাতায় আসছেন নীতীন নবীন। মহামিছিলের পরেই পুরভোট নিয়ে দলীয় বৈঠক করার কথাও রয়েছে তাঁর। যে বৈঠকে পুরভোটের প্রস্তুতি নিয়েও যেমন গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার পাশাপাশি রণকৌশল ঠিক করে দেবেন তিনি। এছাড়াও, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের দলে নেওয়া নিয়ে যে দু’রকম মত দলের মধ্যে রয়েছে তা নিয়েও রাজ‌্য নেতাদের সঙ্গেও কথা বলবেন নবীন। এই বৈঠক সেরেই এদিন রাতে বা পরদিন সকালে তিনি কলকাতা থেকে দিল্লি রওনা দেবেন। 

প্রসঙ্গত, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলে ককরোচ জনতা পার্টি(সিজেপি) আন্দোলনে নেমেছে। বিরোধী শিবিরও এই আন্দোলনের সুযোগ নিয়ে পথে নামছে। এবার বিরোধী সহ সিজেপির মুখ বন্ধ করতে পাল্টা মোকাবিলায় বিজেপি এই কর্মসূচি নিয়েছে। রাজ‌্য বিজেপির সহ-সভাপতি প্রবাল রাহা জানালেন, ‘‘৩ নভেম্বর হাওড়া ও শিলিগুড়ি, ৪ নভেম্বর কৃষ্ণনগর, ৫ নভেম্বর দুর্গাপুরে এই কর্মসূচি হবে। এরপর কালীপুজো শেষ হলে ১১ তারিখ থেকে দ্বিতীয় পর্যায়ে শুরু হবে। ৮০০টি জায়গায় এই পদযাত্রা হবে। ন্যূনতম ১০হাজার জন অংশ নেবে।’’

Leave a comment