উত্তরবঙ্গে স্বাস্থ্য পরিষেবা নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রায়গঞ্জে প্রশাসনিক বৈঠকের পর কর্ণজোড়ার তিস্তা ময়দানে জনপরিষেবা প্রদান কর্মসূচিতে যোগ দেন তিনি। সেখানেই রায়গঞ্জের দিকনগরে এইমস তৈরির প্রস্তাব পাঠানোর কথা জানান মুখ্যমন্ত্রী। জলপাইগুড়িতে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল তৈরির আশ্বাসও দিয়েছেন তিনি।

শুভেন্দু জানান, দিকনগরে এইমস তৈরির জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠাবে রাজ্য। অনুমোদন মিললে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে সেখানে ভূমিপুজো করতে যাবেন বলেও জানিয়েছেন তিনি। জলপাইগুড়ির প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ওই জেলাকে নিরাশ করা হবে না। সেখানে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল গড়ে তোলা হবে।

এ দিনের প্রশাসনিক বৈঠকে উত্তর দিনাজপুরের উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৩০টি কর্মসূচি নেওয়া হয়েছে এবং ৮৩টি প্রকল্পের শিলান্যাস হয়েছে। জেলার হাসপাতালগুলির পরিকাঠামো উন্নত করা এবং স্মার্ট স্কুল তৈরির পরিকল্পনাও রয়েছে। স্বাস্থ্য পরিষেবার জন্য ১০টি ট্রমা অ্যাম্বুল্যান্স, প্যাথলজি সেন্টার এবং প্রধানমন্ত্রী জন ঔষধি ও অমৃত যোজনার ব্যবস্থার কথাও তুলে ধরেন তিনি।

এ দিন বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের প্রসঙ্গেও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বিএসএফকে ৭.৯১৬১ একর জমি দেওয়া হয়েছে। শরণার্থীদের সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা বলেন তিনি। পাশাপাশি, অনুপ্রবেশকারীদের বিষয়ে পুলিশ ও বিএসএফকে খবর দেওয়ার আবেদন জানান শুভেন্দু।

Leave a comment