দুর্গাপুজোকে এবার আরও বড় পরিসরে তুলে ধরার প্রস্তুতি। আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে আয়োজিত হতে চলেছে বিশেষ অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা আগেই জানা গিয়েছে। সরকারি সূত্রের খবর, ইডেনের এই আয়োজনকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে।

সূত্রের খবর, দুর্গাপুজোর প্রচার এবার আমেরিকা, ইংল্যান্ড এবং দুবাইয়েও করা হবে। ১০ অক্টোবরের অনুষ্ঠানের নির্বাচিত মুহূর্ত এবং ক্লিপিংস দেখানো হতে পারে নিউইয়র্কের টাইমস স্কোয়ার, লন্ডনের পিকাডিলি সার্কাস এবং দুবাইয়ের বুর্জ খলিফায়। ফলে কলকাতার পুজোর আবহ এবার পৌঁছে যেতে পারে আন্তর্জাতিক দর্শকের কাছেও।

ইডেনে মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা বিকেল ৫টা থেকে। প্রায় দেড় ঘণ্টার এই আয়োজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা। ইডেনে প্রবেশের আগে তাঁদের রোড শো হওয়ার সম্ভাবনাও রয়েছে। এরপর ইডেনে তাঁদের উলুধ্বনি দিয়ে বরণ করে নেওয়ার আয়োজন রাখা হয়েছে বলে সূত্রের খবর।

সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে একাধিক তারকার পরিবেশনা। শান্তনু মৈত্র, শান, অন্তরা মিত্র, দেবর্ষি ভট্টাচার্য, কৌশিকী চক্রবর্তী এবং বাংলা ব্যান্ড দোহারের অংশ নেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে গান গাইতে পারেন লগ্নজিতাও। পাশাপাশি প্রায় ৩ হাজার ঢাকির পরিবেশনা থাকবে। গলফ কার্টে মাঠ প্রদক্ষিণ করতে পারেন প্রধানমন্ত্রী। কয়েকটি পুজোর উদ্বোধনও করার কথা রয়েছে তাঁর।

অনুষ্ঠানের শেষপর্বে থাকছে ড্রোন শো এবং আতশবাজির প্রদর্শনী। ইডেন গার্ডেন্সে প্রায় ৩৫ হাজার দর্শকের বসার ব্যবস্থা করা হচ্ছে। তাঁদের মধ্যে প্রায় আড়াই হাজার ভিআইপি থাকবেন বলে সূত্রের খবর।

অন্যদিকে, মহালয়ার ভোরেও বিশেষ আয়োজন করছে রাজ্য সরকার। কলকাতা ও হাওড়ার গুরুত্বপূর্ণ ঘাটগুলিতে মাইকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে ‘মহিষাসুরমর্দিনী’ সম্প্রচারের ব্যবস্থা করা হবে। ইডেনের অনুষ্ঠান ঘিরে সরকারি আধিকারিকদের সঙ্গে সিএবি-র বৈঠকও হয়েছে। বৈঠক শেষে সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাস জানান, আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামর্থ্য অনুযায়ী সমস্ত রকম সহযোগিতা করা হবে।

Leave a comment