মেদিনীপুরে ভোররাতে তাণ্ডব, লাঠি-বাঁশের হামলায় বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ

মেদিনীপুর সদর ব্লকের হাতিহলকা এলাকায় লাঠি ও বাঁশ নিয়ে হামলার ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মৃতের নাম শামসের বিশ্বাস। তিনি বিজেপির কর্মী বলে দাবি করা হলেও, তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে দলের অন্দরেই ভিন্ন বক্তব্য সামনে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজও তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জানা গিয়েছে, শুক্রবার বিকেলে একটি মিছিলকে কেন্দ্র করে এলাকায় দুই পক্ষের মধ্যে বচসা হয়।প্রাথমিকভাবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেও শনিবার ভোরে ফের উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, সেই সময় একদল ব্যক্তি লাঠি ও বাঁশ নিয়ে শামসের বিশ্বাসের উপর চড়াও হয়। তাঁকে একাধিকবার মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে যান তিনি। পরে তাঁর মৃত্যু হয়।

ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে বলে জানা গিয়েছে। সেখানে কয়েকজনকে লাঠি ও বাঁশ হাতে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। হামলায় আরও এক বিজেপি কর্মী আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পুলিশি টহল চলছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক রয়েছে। হামলাকারীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, ঘটনার পর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির জেলা সহ-সভাপতি অজয় জানা দাবি করেছেন, হামলার পিছনে কোনও রাজনৈতিক দলের যোগ নেই। তাঁর বক্তব্য, দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। অন্যদিকে, জেলা সভাপতি সৌমেন তিওয়ারির দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করা ব্যক্তিরাই ফের গোলমাল তৈরি করেছে।

তবে মৃত শামসের বিশ্বাস আদৌ বিজেপির কর্মী ছিলেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন জেলা সভাপতি। ফলে ঘটনার প্রকৃত কারণ নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। কারা হামলা চালিয়েছিল এবং কেন এই হামলা হল, তা খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Leave a comment