একাদশ-দ্বাদশে সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় বড়সড় বদল আনল স্কুল সার্ভিস কমিশন। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতা এবং সংশোধিত শূন্যপদের রোস্টার মেনে সোমবার সন্ধ্যায় নতুন মেধাতালিকা প্রকাশ করেছে কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দ্বিতীয় এসএলএসটি-র ইন্টারভিউয়ের জন্য এই সংশোধিত তালিকা তৈরি করা হয়েছে।
নতুন তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে আগের ইন্টারভিউয়ের প্রাথমিক তালিকা, চূড়ান্ত প্যানেল এবং ওয়েটিং লিস্ট বাতিল করা হয়েছে। একইসঙ্গে পুরনো তালিকার ভিত্তিতে চাকরিপ্রার্থীদের দেওয়া সমস্ত সুপারিশপত্রও প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে কমিশন।
নতুন বিজ্ঞপ্তিতে ইন্টারভিউ নিয়ে বেশ কিছু নিয়মও স্পষ্ট করেছে এসএসসি। সংশোধিত তালিকায় থাকা এমন প্রার্থীরা, যাঁরা আগের নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ এবং লেকচার ডেমোনস্ট্রেশন দিয়ে ফেলেছেন, তাঁদের ফের ইন্টারভিউ দিতে হবে না। তাঁদের ওএমআর পরীক্ষার নম্বর এবং আগের ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বরই চূড়ান্ত মেধাতালিকা তৈরির সময় বিবেচনা করা হবে।
অন্যদিকে, সংশোধিত তালিকায় নতুন করে যাঁদের নাম যুক্ত হয়েছে, তাঁদের সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে সশরীরে হাজির হতে হবে। নথি যাচাইয়ের পাশাপাশি তাঁদের ইন্টারভিউও দিতে হবে। অর্থাৎ নতুন করে তালিকাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে ইন্টারভিউ বাধ্যতামূলক রাখা হয়েছে।
এসএসসি সূত্রে খবর, সংশোধিত মেধাতালিকায় প্রায় ৩ হাজার নতুন প্রার্থীর নাম যুক্ত হয়েছে। তবে নতুন নিয়োগ প্রক্রিয়া ঠিক কবে থেকে শুরু হবে, সোমবারের বিজ্ঞপ্তিতে সেই সময়সূচি জানানো হয়নি। কমিশনের তরফে জানানো হয়েছে, পরবর্তী সময়ে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত সূচি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
নতুন তালিকা প্রকাশের পর চাকরিপ্রার্থীদের মধ্যে ফের স্বচ্ছ নিয়োগের প্রত্যাশা তৈরি হয়েছে। সংশোধিত রোস্টার এবং আদালতের নির্দেশ মেনে এবার যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া এগোয় কি না, সেদিকেই নজর রয়েছে।

Leave a comment