প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় প্রত্যেকটি অনুষ্ঠানেই সুর ধরতে দেখা যেত তৎকালীন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে দু কলি গান গেয়ে শোনাতেন ইন্দ্রনীল সেন। এহেন চিত্র দেখে অনেকেই ইন্দ্রনীল সেনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘তানসেন’ বলেও আখ্যা দিয়েছিলেন। এখন সেই ‘তানসেন’ই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কড়া নজরে৷ 

বিগত কয়েকদিন ধরেই সেনের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে সরগরম রাজ্য৷ ইউনেস্কোর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার হাতানোর অভিযোগে চর্চায় সস্ত্রীক ইন্দ্রনীল সেন। তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি। এমতাবস্থায় ইন্দ্রনীল সেনকে তলব করে ইডি। সেইমতোই বুধবার সিজিও কমপ্লেক্সে হাজির দিলেন ইন্দ্রনীল সেন।  

এই অভিযোগ সামনে আসতেই সস্ত্রীক ইন্দ্রনীল এখন সকলের নজরে৷ ইতিমধ্যেই তাদের দুজনের সম্পত্তির খতিয়ানও নজরে এসেছে৷ এই সংক্রান্ত তথ্যও প্রকাশ্যে এসেছে। হলফনামায় দেওয়া তথ্য অনুসারে, ইন্দ্রনীল সেনের ২ টি ফিক্সড ডিপোজিট ছিল। একটিতে ছিল ১ লক্ষ ৪১ হাজার ৬১৪ টাকা। অন্যটিতে ১ লক্ষ ৪১ হাজার ৪০৪ টাকা। মোট ৬ টি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে প্রাক্তন মন্ত্রীর।

এছাড়াও জানা যাচ্ছে, শেয়ার বাজারেও প্রচুর বিনিয়োগ রয়েছে তাঁর। সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ ৪৪ লক্ষ টাকা। ২০০৮ সালে ৪৭ হাজার টাকায় একটি গাড়ি কিনেছিলেন তিনি। ২০১৬ সালে আরও একটি গাড়ি কেনেন তিনি। যার দাম ছিল ২ লক্ষ ৩৮ হাজার ৬৮৫ টাকা। মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটির বেশি

তথ্যের ভিত্তিতে, তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণও প্রচুর। গড়িয়াহাট ও কসবায় দুটি ফ্ল্যাট ও দুটি কর্মাশিয়াল বিল্ডিংয়ে অংশ রয়েছে প্রাক্তন মন্ত্রীর। দীর্ঘদিন আগে সস্তায় কিনলেও বর্তমানে তা কোটি টাকা পেরিয়েছে। একটি কর্মাশিয়াল বিল্ডিংয়ের অংশের দামই ২ কোটির বেশি। একটি ফ্ল্যাটের দাম ৫৫ লক্ষ টাকা। ফলে মোট স্থাবর সম্পত্তির দাম বেড়ে হয়েছে সাড়ে ৪ কোটি টাকার বেশি।

আবার, তাঁর স্ত্রী মধুছন্দা সেনের মোট ১১ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে একটিতে রয়েছে ১০ লক্ষের বেশি, একটিতে ৭ লক্ষের বেশি। অন্য অ্যাকাউন্টগুলোতেও রয়েছে লক্ষ লক্ষ টাকা।  একাধিক জায়গায় বিনিয়োগ রয়েছে তাঁর। সিঙ্গুরে মধুছন্দার একটি জমি রয়েছে। যার বাজার দর ২ কোটি ৩৮ লক্ষ ৬১ হাজার ১৫০ টাকা। 

যদিও এই তথ্য ২০২১ সালের নির্বাচনের আগের। অর্থাৎ বোঝাই যাচ্ছে, গত কয়েকবছরে স্বাভাবিক নিয়মেই আরও বেড়েছে সম্পত্তির পরিমাণ। তবে সম্পত্তির খতিয়ান দেখেই বোঝা সম্ভব যে, ইন্দ্রনীল সেন একা নন, তাঁর স্ত্রী মধুছন্দাও বিপুল সম্পত্তির মালিক।

Leave a comment