আচমকাই মাঝ আকাশে জরুরি সিগন্যাল! এরপরেই গতিপথ বদল দুবাই থেকে ইজরায়লের তেল আভিভগামী ‘ফ্লাইদুবাই’ বিমানের। জরুরি অবতরণ করল সৌদি আরবে। প্রথমে আশঙ্কা তৈরি হয়, বিমানটি হাইজ্যাক করা হয়েছে। এই আশঙ্কার খবর সামনে আসতেই যুদ্ধবিমান পাঠায় ইজরায়েল। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। 

ইজরায়েলের একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বুধবার ‘ফ্লাইদুবাইয়ের FZ1073’ বিমান দুবাইয়ের আন্তর্জাতিক বিমান-বন্দর থেকে থেকে রওনা হয়। গন্তব্যস্থল ছিল তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দর। বিমানে প্রায় ১৮০ জন ইজরায়েলি যাত্রী ছিলেন। বিমানটি যখন সৌদি আরবের আকাশসীমায় ঢোকে, সেই সময়ই জরুরি সঙ্কেত পাঠাতে শুরু করে।

জানা গিয়েছে, যে দুটি কোড পাঠানো হয়ে একটি  ৭৭০০ ও অন্যটি ৭৫০০। প্রথম কোডটির অর্থ জরুরি অবতরণ এবং দ্বিতীয় কোডটির অর্থ হাইজ্যাক। এরপরে ব্যবস্থা নেওয়া শুরু করে ইজরায়েলের বায়ুসেনা। পাঠানো হয় যুদ্ধবিমান। সংকেত দেখে আশঙ্কা করা হয়, বিমানটি যাত্রীসমেত হাইজ্যাক করা হয়েছে৷ সৌদি আরবে জরুরি অবতরণ করা হয় বিমানটি। তবে পরে ঘটনাটি অনুসন্ধান করলে আসল কারণ জানা সম্ভব হয়। 

ইজরায়েল সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে,  ককপিটে দুই পাইলটের মধ্যে তীব্র বিবাদ ও হাতাহাতি হয়। আর সেই সময়ই জরুরি সংকেত পাঠানো হয়। তবে জানা গিয়েছে, আশঙ্কাজনক কোনো পরিস্থিতি তৈরি হয়নি। সব যাত্রী এবং বিমানকর্মী নিরাপদেই রয়েছেন।

Leave a comment