ইরানের মাশহাদ থেকে কেরমানশাহের পথে উড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বিপত্তিতে পড়ল সেপেহরান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭। উড়ানের পর বিমানের একটি চাকার টায়ার খুলে যাওয়ার পাশাপাশি ইঞ্জিনেও যান্ত্রিক সমস্যা দেখা দেয় বলে জানা গিয়েছে। এরপরই আকাশে থাকা অবস্থায় প্রবলভাবে কাঁপতে শুরু করে বিমানটি।
পরিস্থিতি বুঝতে পেরে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটিকে ফের মাশহাদ বিমানবন্দরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলটরা। জরুরি অবতরণের প্রস্তুতি আগে থেকেই নিয়ে রেখেছিল বিমানবন্দরের বিশেষ পরিষেবা দল। কিছুক্ষণের মধ্যেই নিরাপদে বিমানটি মাটিতে নামানো সম্ভব হয়।
বিমানে থাকা যাত্রীদের দাবি, তীব্র কম্পনের জেরে কেবিনের ভিতরেও ব্যাপক অস্থিরতা তৈরি হয়। ওভারহেড কম্পার্টমেন্টের কয়েকটি অংশ খুলে পড়ে যায়। সেখান থেকে জিনিসপত্র ছিটকে কয়েকজন যাত্রীর মাথায় লাগে এবং তাঁদের আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে।
ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে বিমানের ভিতরে যাত্রীদের আতঙ্কের ছবি দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে ভিডিয়োটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি দ্য পয়েন্ট।

Leave a comment