পুজোর আগে শিয়ালদহ ডিভিশনের এসি লোকাল যাত্রীদের জন্য সুখবর। গোপালনগর ও বামনগাছিতে এবার স্থায়ীভাবে থামবে শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট রুটের এসি লোকাল। ১ অক্টোবর থেকেই নতুন ব্যবস্থা চালু করছে পূর্ব রেল। এর পাশাপাশি রানাঘাট-শিয়ালদহ রুটে তিনটি স্টেশনে বাড়ানো হয়েছে অতিরিক্ত স্টপেজের পরীক্ষামূলক মেয়াদ।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৩৭৬২ রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ ডাউন এসি ইএমইউ গোপালনগরে সকাল ৭টা ৩৪ মিনিটে পৌঁছে ৭টা ৩৫ মিনিটে ছাড়বে। বামনগাছিতে ট্রেনটি পৌঁছবে সকাল ৮টা ৪৩ মিনিটে। এক মিনিট দাঁড়িয়ে ৮টা ৪৪ মিনিটে ছাড়বে। এরপর সকাল ৯টা ৩৮ মিনিটে শিয়ালদহে পৌঁছবে ট্রেনটি।
৩৩৭৬১ শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট আপ এসি ইএমইউটি শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে ছাড়বে। বামনগাছিতে সন্ধ্যা ৭টা ২ মিনিটে পৌঁছে এক মিনিট দাঁড়াবে। গোপালনগরে রাত ৮টা ১৯ মিনিটে পৌঁছবে ট্রেন। সেখান থেকে ৮টা ২০ মিনিটে ছেড়ে রাত ৮টা ৪৩ মিনিটে রানাঘাটে পৌঁছনোর কথা।
এদিকে রানাঘাট-শিয়ালদহ এসি লোকালের অতিরিক্ত স্টপেজ নিয়েও সিদ্ধান্ত হয়েছে। সিমুরালি, হালিশহর এবং ইছাপুরে যে স্টপেজগুলি পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল, সেগুলির মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
অন্যদিকে, ৩১৬৩৭ শিয়ালদহ-রানাঘাট এসি ইএমইউ ইছাপুরে সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে, হালিশহরে ৭টা ৫৪ মিনিটে এবং সিমুরালিতে রাত ৮টা ১২ মিনিটে থামবে। অন্যদিকে ৩১৬৩৮ রানাঘাট-শিয়ালদহ এসি ইএমইউ সিমুরালিতে সকাল ৮টা ৪৫ মিনিটে, হালিশহরে ৯টা ২ মিনিটে এবং ইছাপুরে ৯টা ২৩ মিনিটে দাঁড়াবে।
পূর্ব রেলের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। নতুন স্টপেজের ফলে এসি লোকালে আরও বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন। এবার স্থায়ীভাবে শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট রুটের এসি লোকাল থামায় গোপালনগর, বামনগাছিসহ সংশ্লিষ্ট এলাকার যাত্রীদের সুবিধা বাড়বে বলে তিনি আশাবাদী।

Leave a comment