আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। শুক্রবার রাতে বুকে ব্যথা অনুভব করায় তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।
জানা গিয়েছে, শুক্রবার গান্ধীজয়ন্তী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন রথীন্দ্রনাথ। দিনভর বিভিন্ন অনুষ্ঠানে থাকার পর রাতে বাড়ি ফেরেন তিনি। এরপরই আচমকা বুকে ব্যথা শুরু হয়। পরিস্থিতি বুঝে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়।আপাতত তাঁর অবস্থার উন্নতি হয়েছে বলেই হাসপাতাল সূত্রে খবর।
স্পিকারের আচমকা অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন অনুগামীরা।
প্রসঙ্গত, রথীন্দ্রনাথ বসু পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। দীর্ঘদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত থাকার পর সক্রিয় রাজনীতিতে আসেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী হন রথীন্দ্রনাথ। তৃণমূলের অভিজিৎ দে ভৌমিককে ২৩ হাজারেরও বেশি ভোটে হারিয়ে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। এরপর সর্বসম্মতিক্রমে বিধানসভার স্পিকার হিসাবে তাঁর নাম চূড়ান্ত হয়।

Leave a comment