গার্ডেনরিচ স্টেট জেনারেল হাসপাতালে ঢুকে অশান্তি করার অভিযোগ উঠল তিন আইএসএফ কর্মী-সমর্থকের বিরুদ্ধে। হাসপাতালের ওপিডির একটি সংরক্ষিত জায়গায় ঢুকে ভিডিয়ো করার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে বচসা শুরু হয়। পরে পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় বলেও অভিযোগ। ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুর দেড়টা নাগাদ হাসপাতাল থেকে গোলমালের খবর আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, শেখ সলমন, মহম্মদ সাহিল এবং সানাউদ্দিন খান নামে তিন জন ওপিডির সংরক্ষিত এলাকায় ঢুকে ভিডিয়ো রেকর্ড করছিলেন।
অভিযোগ, ওই জায়গায় প্রবেশের অনুমতি ছিল না তাঁদের। ভিডিয়ো করা নিয়ে আপত্তি জানানো হলে কথাকাটাকাটি শুরু হয়। পুলিশের দাবি, সেই সময় তিন জন কিছু উস্কানিমূলক মন্তব্যও করেন। এরপর হাসপাতালের কর্মী ও পুলিশকর্মীদের সঙ্গে তাঁদের বচসা আরও বাড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে গেলে ধস্তাধস্তি শুরু হয় বলে অভিযোগ। পুলিশকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার এবং কাজে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে তিন জনের বিরুদ্ধে। এরপরই তাঁদের আটক করা হয়।
ঘটনার পর পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করেছে। শেখ সলমন, মহম্মদ সাহিল এবং সানাউদ্দিন খানের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ১৩২, ৩২৯(৩) এবং ৩৫(৩) ধারায় মামলা হয়েছে।
তিন জন কেন হাসপাতালে গিয়েছিলেন, সংরক্ষিত এলাকায় কী কারণে ঢুকেছিলেন এবং অশান্তির সূত্রপাত কীভাবে সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

Leave a comment