রাজ্যে সরকার বদলের পর পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে নতুন সরকার। এবার নজর দেওয়া হচ্ছে বিমান পরিষেবার পরিধি বাড়ানোর দিকে। বাংলায় আরও চারটি বিমানবন্দর চালুর লক্ষ্যে সোমবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সঙ্গে চুক্তি করতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সভাঘরে এই মউ স্বাক্ষর হওয়ার কথা। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিনজারাপু রামমোহন নাইডুর।
কেন্দ্রের আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা বা উড়ান প্রকল্পের আওতায় রাজ্যের একাধিক প্রান্তকে বিমান পরিষেবার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রবিবার এই উদ্যোগের কথা জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, হাসিমারা, কোচবিহার, বালুরঘাট এবং হলদিয়ায় বিমান পরিষেবা চালুর জন্য কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে কাজ করবে রাজ্য।
বিমানবন্দরগুলির পরিকাঠামো তৈরির পাশাপাশি প্রয়োজনীয় জমি ও অন্যান্য পরিষেবা দেওয়ার দায়িত্ব থাকবে রাজ্য সরকারের উপর। সূত্রের খবর, জমি, বিমানবন্দরের সঙ্গে যোগাযোগকারী রাস্তা, বিদ্যুৎ, জল এবং প্রাথমিক নিরাপত্তার ব্যবস্থা করবে রাজ্য। অন্যদিকে বিমানবন্দরের মূল পরিকাঠামো নির্মাণের দায়িত্ব থাকবে কেন্দ্রের।
এর আগে বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন করেছিলেন মুখ্যমন্ত্রী। দ্রুত বিমান পরিষেবা চালুর জন্য প্রশাসনিক স্তরেও একাধিক বৈঠক হয়েছে। রাজ্যের অন্য বিমানবন্দরগুলির পরিস্থিতিও খতিয়ে দেখা হয়েছে। এবার কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে সেই উদ্যোগই বাস্তবায়নের পথে এগোতে চলেছে।
এদিকে, কলকাতা থেকে ইউরোপের বিভিন্ন শহরে সরাসরি বিমান পরিষেবা ফেরানোর বিষয়টিও কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে নতুন বিমানবন্দর চালুর পাশাপাশি কলকাতার সঙ্গে আন্তর্জাতিক বিমান যোগাযোগ বাড়ানোর বিষয়েও রাজ্য-কেন্দ্রের আলোচনায় গুরুত্ব পেতে চলেছে।

Leave a comment