বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। রবিবারই রাজ্যসভা নির্বাচনে দলের প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করেছিল বিজেপি। সোমবার মনোনয়ন জমা দেওয়ার আগে দলের সদস্যপদ নিলেন অভিনেত্রী। বিজেপিতে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বাংলায় গত কয়েক মাসে উন্নয়নের যে কাজ হয়েছে, তা দেখে তিনি খুশি বলেও জানান কোয়েল। রাজ্যসভার সাংসদ হিসাবে মানুষের জন্য কাজ করতে চান তিনি। তাঁর কথায়, “আমি সত্যি সম্মানিত। এটা বিরাট দায়িত্ব। দেশের মানুষের কল্যাণের দায়িত্ব পালন করতে চাই। আমি চাই বাংলার মানুষ আনন্দে থাকুন। কাজ বাড়ুক।”

সোশাল মিডিয়ায় বাড়তে থাকা তিক্ততা নিয়েও কথা বলেন অভিনেত্রী। তাঁর মতে, কাজের সুযোগ কমে যাওয়ার সঙ্গে এই ধরনের হতাশার একটা যোগ রয়েছে। বাংলায় আরও স্কুল তৈরি করা দরকার বলেও মনে করেন তিনি। বিশেষ করে নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েদের জন্য কাজ করার প্রয়োজন রয়েছে বলে জানান কোয়েল।

তাঁকে কি আগামী দিনে সক্রিয় রাজনীতিতে দেখা যাবে? এই প্রশ্নের জবাবে নিজের ছোটবেলার কথা বলেন অভিনেত্রী। জানান, ছোট থেকেই মানুষের সঙ্গে থাকার অভিজ্ঞতা রয়েছে তাঁর। গরমের ছুটিতে অন্যরা যখন ঘুরতে যেত, তখন তাঁর মা তাঁকে নিয়ে যেতেন মিশনারিজ অফ চ্যারিটিতে। সেখানেই ছোট বয়স থেকে মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছেন।

কোয়েলের বক্তব্য, মানুষের জীবনে সামান্য কোনও পরিবর্তনও যদি তিনি আনতে পারেন, তা হলে সেটাই তাঁর কাছে বড় পাওয়া। রাজনীতিতে এসেও মানুষের জন্য কাজ করতে চান তিনি। দেশের কাজে নিজেকে লাগাতে পারলে ভাল লাগবে বলেই জানান অভিনেত্রী।

বিজেপিতে যোগ দেওয়ার পর সোশাল মিডিয়ায় তাঁকে নিয়ে কটাক্ষও শুরু হয়েছে। সেই প্রসঙ্গে অবশ্য কাউকে পাল্টা আক্রমণ করেননি কোয়েল। বরং যাঁরা অন্যকে ছোট করে আনন্দ পান, তাঁদের নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তাঁর কথায়, “ওঁদের প্রতি আমার কোনও রাগ নেই।” এই ধরনের মন্তব্য যাঁরা করেন, তাঁদের মানসিক সুস্থতা কামনা করেছেন অভিনেত্রী।

এর আগে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের রাজ্যসভা সাংসদ পদ ছেড়েছিলেন কোয়েল। তার পর থেকেই তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিল। রবিবার বিজেপির রাজ্যসভা প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা হয়। সোমবার দলীয় ভাবে বিজেপিতে যোগ দেওয়ার পাশাপাশি রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নও জমা দেন কোয়েল।

Leave a comment