জাতীয় সড়কে ফের দুর্ঘটনা। চারচাকা গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল তিন যুবকের। সোমবার রাতে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের দাঁতিয়া আউটপোস্টের কাছে ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় চারচাকা গাড়িতে থাকা দু’জনও জখম হয়েছেন।

মৃত তিন যুবকের নাম শিবম গোপ (২৭), লুকেশ গোপ (২৭) এবং স্বপন গোপ (২৯)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনজনেরই বাড়ি ঝাড়খণ্ডের নিমডি থানা এলাকায়। রাতে একই বাইকে করে বলরামপুরের দিক থেকে জামশেদপুরের দিকে যাচ্ছিলেন তাঁরা।

দাঁতিয়া আউটপোস্টের কাছে আসতেই উল্টো দিক থেকে আসা একটি ছোট চারচাকা গাড়ির সঙ্গে বাইকটির ধাক্কা লাগে। সংঘর্ষের পর তিন যুবকই রাস্তায় পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁদের পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় পুলিশে। কিছুক্ষণের মধ্যেই বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে বাঁশগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।

হাসপাতালে নিয়ে যাওয়ার পর শিবম গোপ ও লুকেশ গোপকে মৃত বলে জানান চিকিৎসকেরা। স্বপনের আঘাত ছিল গুরুতর। তাঁকে পুরুলিয়া গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা চলাকালীন রাতেই তাঁর মৃত্যু হয়।

এদিকে চারচাকা গাড়িতে থাকা একলাখ হাসমি এবং তাসীম আনসারীও আহত হয়েছেন। দু’জনই বলরামপুর শহরের বাসিন্দা। তাঁদের প্রথমে বাঁশগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে লোকজন জড়ো হন। কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। কীভাবে দুই গাড়ির মুখোমুখি ধাক্কা লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a comment