বিমানের ককপিটে হামলার ঘটনায় গুরুতর আহত ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের মাথায় অস্ত্রোপচার হয়েছে। হামলার সময় ধারাল অস্ত্রের আঘাতে মাথায় গুরুতর চোট পান তিনি। পরে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

সূত্রের খবর, হামলার সময় স্মিতের মাথার খুলির একটি অংশ ভেঙে মস্তিষ্কের ভিতরে ঢুকে যায়। পরিস্থিতি গুরুতর হওয়ায় আরব আমিরশাহীতে নিয়ে যাওয়ার আগেই সৌদি আরবে তাঁর অস্ত্রোপচার করা হয়। সেখানে মাথার খুলির ক্ষতিগ্রস্ত অংশের চিকিৎসা করেন চিকিৎসকরা। তবে এখনও পুরোপুরি বিপদমুক্ত নন ৩৯ বছরের পাইলট। তাঁর শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন চিকিৎসকরা।

মাথার পাশাপাশি স্মিতের হাত-পা, বুক এবং পেটের উপরিভাগেও আঘাত লেগেছে। তবে চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন বলে হাসপাতাল সূত্রে খবর। উন্নত চিকিৎসার জন্য গত সপ্তাহে সৌদি আরব থেকে তাঁকে আরব আমিরশাহীতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানকার সেনা হাসপাতালে চিকিৎসাধীন স্মিত। চিকিৎসকদের অনুমতি নিয়ে পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে দেখা করছেন। নিয়মিত তাঁর স্বাস্থ্যের খবর জানানো হচ্ছে হাসপাতালের তরফে।

এর মধ্যেই শুক্রবার স্মিতের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সাহসিকতার প্রশংসা করে দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করেন প্রধানমন্ত্রী। কথোপকথনের সময় আবেগপ্রবণ হয়ে পড়েন স্মিত। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবেন, তা কখনও ভাবেননি। জবাবে মোদি বলেন, এমন পরিস্থিতিতে আবেগপ্রবণ হওয়াটা স্বাভাবিক।

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় স্মিত জানান, বিপদের মধ্যে পড়লে তিনি হনুমান চালিশা পাঠ করেন। বুধবার বিমানে হামলার সময়ও তিনি হনুমান চালিশা পাঠ করছিলেন। স্মিতের মা গীতার সঙ্গেও কথা বলেছেন বলে জানান মোদি। মায়ের কাছ থেকে পাওয়া শিক্ষা ও মূল্যবোধের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। অন্যের প্রাণ নেওয়া নয়, প্রয়োজনে নিজের জীবন ঝুঁকিতে ফেলে অন্যের প্রাণ বাঁচানোই ভারতীয়দের মানসিকতা—স্মিতকে বলেন মোদি।

Leave a comment