ব্লিঙ্কিট থেকে কেনা দই খারাপ ছিল। সেই অভিযোগ জানিয়ে টাকা ফেরত পেতে চেয়েছিলেন বেঙ্গালুরুর এক গৃহবধূ। কিন্তু কাস্টমার কেয়ারের নম্বর খুঁজতে গিয়েই প্রতারণার শিকার হলেন তিনি। অভিযোগ, রিফান্ড দেওয়ার নাম করে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছে সাইবার প্রতারকরা।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি ব্লিঙ্কিট থেকে দই অর্ডার করেছিলেন ওই মহিলা। বাড়িতে প্যাকেট আসার পর সেটি খারাপ বলে বুঝতে পারেন তিনি। বিষয়টি ডেলিভারি এজেন্টকে জানালে তাঁকে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে বলা হয়। এরপরই অনলাইনে সংস্থার কাস্টমার কেয়ারের নম্বর খুঁজতে শুরু করেন ওই গৃহবধূ।

অভিযোগ, ইন্টারনেটে পাওয়া একটি নম্বরে ফোন করলে এক ব্যক্তি তাঁকে দইয়ের দাম ফেরত দেওয়ার আশ্বাস দেন। রিফান্ডের প্রক্রিয়া বোঝানোর কথা বলে তাঁর হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠানো হয়। সেখানে খারাপ দইয়ের প্যাকেটের ছবি আপলোড করতে বলা হয়েছিল। টাকা ফেরত পাওয়ার আশায় সেই নির্দেশ মেনে নেন মহিলা।

এরপর অন্য এক ব্যক্তি তাঁকে ফোন করেন। রিফান্ডের কাজ চলছে বলে জানিয়ে ওই মহিলাকে নিজের ডিজিটাল পেমেন্ট অ্যাপ খুলতে বলা হয়। অভিযোগ, অ্যাকাউন্টের ব্যালান্স পরীক্ষা করার জন্য পাসওয়ার্ড টাইপ করতেই মোবাইলের স্ক্রিন থেকে অ্যাপটি উধাও হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তিনি জানতে পারেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৯৮ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে।

এরপর বেঙ্গালুরুর সেন্ট্রাল সাইবার ক্রাইম পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অনলাইনে কেনা কোনও পণ্য খারাপ হলে সংস্থার নিজস্ব অ্যাপ বা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানানো উচিত। সার্চ ইঞ্জিনে পাওয়া নম্বর যাচাই না করে ফোন করলে বিপদে পড়ার আশঙ্কা থাকে। একইভাবে, অপরিচিত নম্বর থেকে পাঠানো লিঙ্কে ক্লিক করা বা কারও কথায় ব্যাঙ্কের গোপন তথ্য দেওয়াও বিপজ্জনক।

Leave a comment