ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের বৈঠকে এই প্রকল্পের কাজ নিয়ে কথা হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে এগোবে। প্রকল্পের পরিকল্পনা তৈরিতে যুক্ত থাকবে আইআইটি কানপুর ও আইআইটি রূড়কি।
শুধু ঘাটাল নয়, এদিনের বৈঠকে গঙ্গার ভাঙন নিয়েও আলোচনা হয়েছে। নদীর ভাঙন ঠেকাতে ১২টি স্পার তৈরির পরিকল্পনার কথা জানান শুভেন্দু। নদীখাত থেকে পলি তোলার বিষয়টিও আলোচনায় ছিল। বৈঠকে উপস্থিত ছিলেন বিহার ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরাও।
মালদহের কালিয়াচক ও ভূতনিচর এলাকায় গঙ্গার ভাঙন নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা রয়েছে। বর্ষায় নদীর জল বাড়লে ভাঙনের আশঙ্কাও বাড়ে। চলতি বছর বন্যার জেরে সমস্যায় পড়েন এলাকার বাসিন্দারা। পুজোর আগে পরিস্থিতি খতিয়ে দেখতে মালদহে গিয়েছিলেন শুভেন্দু। সম্প্রতি মুখ্যসচিব মনোজ আগরওয়ালও এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেন। পরে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেন তিনি। সূত্রের খবর, দিল্লির বৈঠকে মালদহের ভাঙনের প্রসঙ্গও ওঠে।
ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য চলতি আর্থিক বছরে ১২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আগামী বছরের জুনের মধ্যে অধিকাংশ কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। গোটা প্রকল্প শেষ করার সময়সীমা ২০২৮ সাল। কাজের সমন্বয়ের জন্য ঘাটাল, চন্দ্রকোনা ও দাসপুরের বিধায়কদের নিয়ে একটি দলও গঠন করা হয়েছে।

Leave a comment