ইডির দফতরে হাজিরা দিতে গিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। জিজ্ঞাসাবাদ শেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর পরই তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। পুজোর পাস বিক্রি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে বউবাজার থানায় দায়ের হওয়া মামলায় এই পদক্ষেপ। পুলিশ সূত্রে খবর, তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে তথ্য ও সংস্কৃতি দফতরের দায়িত্ব সামলেছেন ইন্দ্রনীল। তাঁর সঙ্গে যুক্ত ‘মাস আর্ট’ সংস্থার বিরুদ্ধে দুর্গাপুজোর প্রিভিউ শো এবং ভিআইপি পাস বিক্রি করে বিপুল টাকা তোলার অভিযোগ রয়েছে। সেই টাকা কোথায় গিয়েছে, তা নিয়ে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ট্রাভেল এজেন্টের অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের হয়।

এই আর্থিক লেনদেনের সূত্র ধরেই তদন্তে নামে ইডি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে মামলা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার সেই মামলাতেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন ইন্দ্রনীল। তিনি ভিতরে থাকাকালীন কলকাতা পুলিশের গোয়েন্দারা সেখানে পৌঁছে যান। ইডির দফতর থেকে বেরোনোর পর তাঁকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, তদন্তে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রিভিউ কার্ড বিক্রির হিসাবও খতিয়ে দেখছেন আধিকারিকরা। অভিযোগ, এই তিন বছরে এক লক্ষেরও বেশি কার্ড বিক্রি হয়েছিল। আগের তুলনায় বিক্রির পরিমাণও বেড়েছিল দ্বিগুণ। পাশাপাশি ডোনার কার্ড বিক্রি থেকেও বিপুল টাকা উঠেছিল বলে অভিযোগ। সব মিলিয়ে প্রায় ৬০ কোটি টাকার লেনদেনের হিসাব নিয়ে আগেই ইন্দ্রনীলকে প্রশ্ন করেছিলেন ইডির আধিকারিকরা। ওই টাকা পুজো কমিটিগুলির অ্যাকাউন্টে জমা পড়েছিল কি না, তা জানার চেষ্টা চলছে। এর আগে হুগলিতে ইন্দ্রনীলের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি।

Leave a comment