ব্যাঙ্কে টাকা রেখেছিলেন ভবিষ্যতের কথা ভেবে। কিন্তু সেই টাকাই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) একটি শাখায় প্রায় ৩৫ কোটি টাকা গায়েবের অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়েছে। গ্রাহকদের দাবি, তাঁদের অজান্তেই অন্য অ্যাকাউন্টে সরিয়ে দেওয়া হয়েছে টাকা। অথচ কোনও এসএমএস পাননি তাঁরা। এই ঘটনায় ব্রাঞ্চ ম্যানেজারসহ পাঁচ কর্মীকে সাসপেন্ড করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
গ্রেটার নয়ডার সেক্টর পিআই-১ এলাকার ওই শাখায় আশপাশের বেশ কয়েকটি গ্রামের কৃষক ও ছোট ব্যবসায়ীদের অ্যাকাউন্ট রয়েছে। অভিযোগ, তাঁদের ফিক্সড ডিপোজিটের মেয়াদ শেষ হওয়ার আগেই টাকা অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ২০২৫ সালের এপ্রিল মাস থেকে এই অনিয়ম হয়ে থাকতে পারে। তবে কীভাবে এত টাকা সরানো হল, তা এখনও স্পষ্ট নয়।
এক গ্রাহকের দাবি, তাঁর অ্যাকাউন্টে ৮৮ লক্ষ টাকা ছিল। কিন্তু এখন পড়ে রয়েছে মাত্র ১ লক্ষ টাকা। অন্য এক গ্রাহকের অভিযোগ, নয়ডা বিমানবন্দর প্রকল্পে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে তাঁর মায়ের অ্যাকাউন্টে প্রায় ১ কোটি ২৯ লক্ষ টাকা জমা পড়েছিল। সেই অ্যাকাউন্টে প্রায় ১ কোটি ১৮ লক্ষ টাকা থাকার কথা থাকলেও বর্তমানে কোনও টাকাই নেই বলে দাবি তাঁর।
গ্রাহকদের প্রশ্ন, তাঁদের অনুমতি ছাড়া কীভাবে এত টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেল? লেনদেনের পরেও কেন কোনও বার্তা পাঠানো হল না? বহু মানুষ দীর্ঘদিন ধরে অল্প অল্প করে টাকা জমিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন। সেই টাকা ব্যাঙ্কে রেখেও এমন পরিস্থিতির মুখে পড়ায় উদ্বেগ বেড়েছে তাঁদের।
ঘটনার কথা জানাজানি হতেই পদক্ষেপ করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। পিএনবির রিজিওনাল অফিসের তরফে পাঁচ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। ওই শাখায় নতুন কর্মীও নিয়োগ করা হয়েছে। পাশাপাশি, গ্রাহকদের টাকা ফেরানোর আশ্বাস দিয়েছে ব্যাঙ্ক। তবে টাকা হাতে না পাওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছেন না ক্ষতিগ্রস্তরা।

Leave a comment