স্বরূপ বিশ্বাসের পর এবার ফেডারেশনের নতুন সভাপতি বেছে নেবে টলিপাড়া। আগামী শনি ও রবিবার ২৩টি গিল্ডে ভোট। তার আগে ভোটার তালিকা ঘিরে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আগে ফেডারেশনের ভোটার ছিলেন প্রায় ৮ হাজার সদস্য। এবার ভোট দিতে পারবেন ৪১১০ জন। অর্থাৎ, কয়েক হাজার সদস্য এবার ভোটের বাইরে থাকছেন।

ফেডারেশন সূত্রে খবর, শনিবার ভোট দেবেন ২৪১০ জন। রবিবার ভোটারের সংখ্যা ১৭০০। এসআইআরের জেরে প্রায় ১০০০ বা তার কিছু বেশি সদস্যের নাম বাদ পড়েছে বলে জানা যাচ্ছে। তবে ভোট দিতে না পারার কারণ শুধু এসআইআর নয়। প্রায় ৩০০০ সদস্যের নাম বৈধ ভোটার তালিকায় নেই। কেউ নির্দিষ্ট সময়ের মধ্যে ভোটার কার্ড জমা দিতে পারেননি, কেউ প্রয়োজনীয় নথি জমা দেননি। আবার একাধিক গিল্ডের সদস্য হওয়ায় নিয়ম মেনে কয়েকজনের নাম একটি গিল্ড থেকে বাদ দেওয়া হয়েছে।

এদিকে, ভোটারদের সঠিক সংখ্যা জানাতে পারছে না ফেডারেশনের বর্তমান পরিচালন কমিটি। স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর থেকে ফেডারেশনের হার্ড ডিস্ক রয়েছে পুলিশ হেফাজতে। তদন্তের প্রয়োজনে সেটি পুলিশের কাছে থাকায় সদস্যদের পূর্ণাঙ্গ তথ্য হাতে পাননি বর্তমান কর্তারা। ফলে কতজনের নাম বাদ গিয়েছে, তার নির্দিষ্ট হিসাবও মিলছে না। আপাতত আনুমানিক সংখ্যার ভিত্তিতেই ভোটের প্রস্তুতি চালাচ্ছে ফেডারেশন।

Leave a comment