শনিবার হাওড়া ডিভিশনে একাধিক লোকাল ট্রেন চলবে না। রেললাইনে কাজের জন্য ১৪টি লোকাল বাতিলের কথা জানিয়েছে পূর্ব রেল। একই কারণে মালদা টাউন-হাওড়া এবং হাওড়া-মালদা টাউন রুটের দুটি ইন্টারসিটি এক্সপ্রেসও নির্ধারিত সময়ের পরে ছাড়বে। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
ব্যান্ডেল-কাটোয়া শাখায় ধাত্রীগ্রাম ও সমুদ্রগড় স্টেশনের মাঝে এবং জিরাট ও গুপ্তিপাড়া স্টেশনের মধ্যে লেভেল ক্রসিংয়ের জায়গায় তৈরি হবে সীমিত উচ্চতার সাবওয়ে। এই কাজের জন্য শনিবার ৩১ অক্টোবর দু’টি শাখায় রেল চলাচল নিয়ন্ত্রণ করা হবে। নবদ্বীপ ধাম-অম্বিকা কালনা শাখায় সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ২টো ৩০ মিনিট এবং জিরাট-অম্বিকা কালনা শাখায় সকাল ৮টা ১০ মিনিট থেকে দুপুর ২টো ১০ মিনিট পর্যন্ত আপ ও ডাউন লাইনে ব্লক নেওয়া হবে।
এই কাজের জন্যই বাতিল থাকছে ১৪টি লোকাল। তালিকায় রয়েছে হাওড়া-কাটোয়া, ব্যান্ডেল-কাটোয়া, কাটোয়া-হাওড়া, কাটোয়া-ব্যান্ডেল এবং শিয়ালদহ-কাটোয়া রুটের ট্রেন।
বাতিল লোকাল ট্রেনের তালিকা:
৩৭৯১৩ — হাওড়া-কাটোয়া
৩৭৯১৫ — হাওড়া-কাটোয়া
৩৭৯১৭ — হাওড়া-কাটোয়া
৩৭৭৪৭ — ব্যান্ডেল-কাটোয়া
৩৭৭৪৯ — ব্যান্ডেল-কাটোয়া
৩৭৭৫১ — ব্যান্ডেল-কাটোয়া
৩১১১১ — শিয়ালদহ-কাটোয়া
৩৭৯১৮ — কাটোয়া-হাওড়া
৩৭৯২০ — কাটোয়া-হাওড়া
৩৭৭৪৪ — কাটোয়া-ব্যান্ডেল
৩৭৯২২ — কাটোয়া-হাওড়া
৩৭৭৪৬ — কাটোয়া-ব্যান্ডেল
৩৭৭৪৮ — কাটোয়া-ব্যান্ডেল
৩১১১২ — কাটোয়া-শিয়ালদহ
এদিকে, মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রার সময় সাড়ে চার ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। ১৩৪৬৬ নম্বরের এই ট্রেনটি মালদা টাউন থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে ছাড়বে। অন্যদিকে, ১৩৪৬৫ নম্বর হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস হাওড়া থেকে সন্ধ্যা ৬টায় রওনা দেবে। এই ট্রেনটির সময়ও চার ঘণ্টা পিছিয়েছে।

Leave a comment