টিউশন পড়িয়ে রাতে বাড়ি ফিরছিলেন দেবজিৎ বর্মন। পথে কয়েকজন তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। কোনওরকমে সেখান থেকে বাড়ি ফিরলেও হামলা থামেনি। বাড়িতে ঢোকার পর ফের তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। স্বামীকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হন আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী প্রিয়াও। পেটে আঘাত লাগে তাঁর। শুক্রবার হাসপাতালে মৃত সন্তানের জন্ম দেন প্রিয়া। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারের দিনহাটায়। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।
দিনহাটা-২ ব্লকের বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের কুচনি এলাকার বাসিন্দা দেবজিৎ পেশায় গৃহশিক্ষক। গত বুধবার রাতে টিউশন পড়িয়ে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, সেই সময় কয়েকজন তাঁর পথ আটকায় এবং মারধর করে। কোনওরকমে সেখান থেকে পালিয়ে বাড়ি পৌঁছন দেবজিৎ। কিন্তু সেখানেও তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
স্বামীকে বাঁচাতে ছুটে আসেন প্রিয়া। অভিযোগ, হামলাকারীরা তাঁকেও মারধর করে। আট মাসের অন্তঃসত্ত্বা মহিলার পেটে আঘাত লাগে। পরে আহত দম্পতিকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সেখানেই মৃত সন্তানের জন্ম দেন প্রিয়া। এই ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়েছে।
আক্রান্ত পরিবারের দাবি, হামলার পিছনে রয়েছে রাজনৈতিক আক্রোশ। দেবজিতের বউদি তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। সেই কারণেই তাঁদের পরিবারের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। যদিও হামলার নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনায় সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ চন্দন বর্মন ও মনোরঞ্জন বর্মন নামে দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতরা বিজেপির সঙ্গে যুক্ত বলে দাবি আক্রান্ত পরিবারের।
শনিবার সকালে পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়ক অজয় রায়। তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, “যারা দোষী প্রশাসন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সে অভিযুক্ত যে দলেরই হোক। কাউকে রেয়াত করা হবে না।” ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

Leave a comment