দুর্গাপুজো শেষ হয়েছে। উৎসবের আনন্দ, ঠাকুর দেখা, রাত জেগে প্যান্ডেল হপিং, রোদে ঘোরাঘুরি আর প্রতিদিনের মেকআপ—সব মিলিয়ে ত্বকের উপর দিয়ে বেশ ধকল গিয়েছে। তার প্রভাব এখন অনেকের মুখেই স্পষ্ট। কারও ত্বক হয়ে উঠেছে শুষ্ক ও খসখসে, কারও আবার দেখা দিয়েছে লালচে ভাব, চুলকানি কিংবা সূক্ষ্ম বলিরেখা। বিশেষ করে যাঁদের ত্বক স্পর্শকাতর, তাঁদের ক্ষেত্রে সমস্যা আরও বেশি হতে পারে। তাই উৎসবের পর ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনতে এখন থেকেই শুরু করুন সঠিক পরিচর্যা।

কেন ত্বকের জেল্লা কমে যায়?

দীর্ঘক্ষণ রোদে থাকা, দূষণের সংস্পর্শে আসা, পর্যাপ্ত ঘুমের অভাব এবং বারবার মেকআপ করার কারণে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হতে পারে। সূর্যের অতিবেগুনি রশ্মি কোলাজেনের ক্ষতি করে অকাল বার্ধক্যের লক্ষণও বাড়িয়ে দিতে পারে। অন্য দিকে, মেকআপ ঠিকমতো পরিষ্কার না করলে ত্বকে জমতেপারে ময়লা। তাই পুজো শেষ হওয়ার পর ত্বককে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজন নিয়মিত যত্ন।

সকালের স্কিনকেয়ার রুটিন

সকালে প্রথমেই মৃদু ক্লিনজ়ার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। স্পর্শকাতর ত্বকের জন্য সুগন্ধিবিহীন ও কোমল প্রসাধনী ব্যবহার করা ভালো। এর পর ত্বকের সহনশীলতা অনুযায়ী অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ সিরাম ব্যবহার করতে পারেন। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে লাগান ময়েশ্চারাইজ়ার। আর বাইরে বেরোনোর আগে অবশ্যই ব্যবহার করুন অন্তত SPF 30 যুক্ত ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন। মনে রাখবেন, আকাশ মেঘলা থাকলেও সানস্ক্রিনের প্রয়োজন রয়েছে।

রাতের পরিচর্যায় থাকুক বাড়তি নজর

সারাদিনের ধুলোবালি, সানস্ক্রিন ও মেকআপ পরিষ্কার করতে রাতে মৃদু ক্লিনজ়ার ব্যবহার করুন। ভারী মেকআপ করলে ডাবল ক্লিনজ়িং করতে পারেন। তবে ত্বকে লালচে ভাব বা জ্বালা থাকলে অতিরিক্ত ঘষাঘষি এড়িয়ে চলুন। এর পর সেরামাইড ও হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত ময়েশ্চারাইজ়ার ব্যবহার করলে ত্বকের সুরক্ষাবর্ম বজায় রাখতে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য হতে পারে।

খাওয়াদাওয়া ও ঘুমেও নজর দিন

ত্বকের সুস্থতার জন্য পর্যাপ্ত জল পান, সুষম খাবার এবং নিয়মিত ঘুম জরুরি। কয়েক দিন ত্বককে বিশ্রাম দিন। অতিরিক্ত স্ক্রাব, শক্তিশালী অ্যাসিড বা একসঙ্গে একাধিক নতুন প্রসাধনী ব্যবহার করবেন না। ত্বকে দীর্ঘদিন লালচে ভাব, চুলকানি কিংবা জ্বালা থাকলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। নিয়মিত পরিচর্যা ও স্বাস্থ্যকর অভ্যাসেই ধীরে ধীরে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনা সম্ভব।

Leave a comment