ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড খোলা নিয়ে গোলমালের ঘটনায় সোমবার শেক্সপিয়র সরণি থানায় যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু নির্দিষ্ট সময়ে থানায় পৌঁছননি ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। পুলিশ সূত্রে খবর, হাজিরার জন্য আরও ৪৮ ঘণ্টা সময় চেয়ে ইমেল করেছেন তিনি। এরপরই তাঁর ক্যামাক স্ট্রিটের বাড়িতে গিয়ে বুধবারের জন্য নতুন করে নোটিস দিয়ে আসে পুলিশ।
গত ২৭ আগস্ট অভিষেকের অফিসের সামনে লাগানো বিলবোর্ড খুলতে গিয়েছিলেন কলকাতা পুরসভার কর্মীরা। সেই সময় অফিসের নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। পুরকর্মীদের কাজে বাধা দেওয়া থেকে শুরু করে পুলিশ ও পুরসভার কর্মীদের মারধরের অভিযোগও ওঠে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুরসভার দাবি ছিল, বিলবোর্ডটি বেআইনিভাবে লাগানো হয়েছিল।
অভিযোগের ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে কলকাতা পুরসভা। এর মধ্যে একটি মামলায় আগেই তাঁকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবার অন্য একটি এফআইআরের ভিত্তিতে সোমবার থানায় ডাকা হয় তৃণমূল সাংসদকে। কিন্তু হাজিরা না দিয়ে সময় চেয়ে ইমেল করেন তিনি।
বিলবোর্ড খোলার সময় ধস্তাধস্তিতে কয়েকজন পুলিশকর্মী সিঁড়িতে পড়ে যান বলেও অভিযোগ উঠেছিল। পুরকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে কয়েকজনকে আটক করে পুলিশ। অভিষেক-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়। সোমবার হাজিরা এড়ানোর পর এবার বুধবারের নোটিসে অভিষেক কী করেন, সেদিকেই নজর রয়েছে।

Leave a comment