গাড়ির বকেয়া কর মেটাতে এবার বড়সড় ছাড় দেওয়ার পথে রাজ্য সরকার। ট্যাক্স, পারমিট ও লাইসেন্স ফি-র বকেয়া মেটাতে ওয়েভার স্কিম আনার প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে মোট বকেয়ার ৪০ শতাংশ ছাড় দেওয়ার কথা ভাবা হয়েছে। বাকি ৬০ শতাংশ টাকা দিতে হবে গাড়ির মালিকদের।

মঙ্গলবার বেসরকারি বাসমালিকদের সঙ্গে বৈঠক করেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। বৈঠক শেষে তিনি জানান, ট্যাক্স, পারমিট ও লাইসেন্স ফি মিলিয়ে প্রায় ১৭০০ কোটি টাকা বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরেই বকেয়া কর মেটাতে ছাড়ের দাবি জানিয়ে আসছিলেন বাসমালিকরা। সেই দাবির কথা মাথায় রেখেই অর্থ দফতরের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী। তাঁর বক্তব্য, ৪০ শতাংশ রিবেটের অনুমোদন পাওয়া গেলে বাকি ৬০ শতাংশ টাকা গাড়ির মালিকদের মেটাতে হবে।

পরিবহণ দফতর সূত্রে খবর, রাজ্যে সাড়ে তিন লক্ষেরও বেশি গাড়ির কর বকেয়া রয়েছে। বকেয়ার পরিমাণ দেড় হাজার কোটি টাকারও বেশি। এই টাকা আদায়ে গত মাসের শুরু থেকেই বিশেষ অভিযান চালাচ্ছে দফতর। কিন্তু তাতেও আশানুরূপ সাড়া মেলেনি। এক মাসের বেশি সময়ে বকেয়া কর বাবদ ১০০ কোটির কিছু বেশি টাকা জমা পড়েছে।

বকেয়া কর জমা না দিয়ে অনেকেই ওয়েভার স্কিমের অপেক্ষায় ছিলেন বলে জানা গিয়েছে। এবার সেই স্কিম এলে গাড়ির মালিকদের বকেয়া মেটাতে সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। মঙ্গলবারের বৈঠকে পুলিশের আধিকারিকরাও ছিলেন। বকেয়া করের পাশাপাশি জরিমানার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে বেআইনিভাবে বাসের রুট বদলের অভিযোগও ওঠে। বাসমালিকদের একাংশের অভিযোগ, অনুমতি ছাড়াই কিছু বাস অন্য রুটে চালানো হচ্ছে। এই ধরনের ঘটনায় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পরিবহণমন্ত্রী। তাঁর কথায়, দীর্ঘদিন ধরেই এই নিয়ে বাসমালিকদের অভিযোগ আসছিল।

টোটোর দৌরাত্ম্য নিয়েও বৈঠকে কথা হয়। মন্ত্রী জানান, আগের তুলনায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। পুলিশও আগের চেয়ে কড়া হয়েছে। তবে টোটোর কারণে এখনও কিছু জায়গায় বেসরকারি বাস চলাচলে সমস্যা হচ্ছে বলে জানান তিনি।

পুজোর সময়ে বাস ধরপাকড়ের বিষয়টিও মন্ত্রীর কাছে তুলে ধরেন বাসমালিকরা। বৈঠকের পর সারা বাংলা বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, আলোচনা সদর্থক হয়েছে। ওয়েভার স্কিম চালু হলে গাড়ির মালিকদের সুবিধা হবে বলেও জানান তিনি।

সিটি সাবার্বান বাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিটু সাহাও বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, বাসমালিকদের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীর কাছে জানানো হয়েছে। বিষয়গুলি সমাধানে পরিবহণমন্ত্রী যথাসাধ্য চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

Leave a comment