রাস্তা সারানো দরকার, নিকাশি নালা পরিষ্কার হচ্ছে না কিংবা বাড়িতে জল আসছে না—এলাকার এমন সমস্যা নিয়ে বিধায়কের কাছে পৌঁছনোর জন্য আর সরাসরি দেখা করার প্রয়োজন নেই। মোবাইলে ‘দুর্গাপুর পূর্ব ডট ইন’ অ্যাপ থাকলেই অভিযোগ জানানো যাবে। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের জন্য এই পরিষেবা চালু করেছেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

শুধু পাড়ার সমস্যাই নয়, ব্যক্তিগত কোনও অভিযোগ থাকলেও এই অ্যাপের মাধ্যমে তা জানানো যাবে। কোনও অনুষ্ঠানে বিধায়ককে আমন্ত্রণ জানানোর ব্যবস্থাও রয়েছে। এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং তাঁদের কথা সরাসরি শোনার জন্যই এই উদ্যোগ নিয়েছেন চন্দ্রশেখর।

জনপ্রতিনিধির সঙ্গে দেখা করা সব সময় সহজ হয় না। কখনও ব্যস্ততার কারণে সময় মেলে না, কখনও আবার দলীয় কার্যালয়ে গিয়ে অভিযোগ জানানোর সুযোগ হয়ে ওঠে না। তাতে অনেক সময় স্থানীয় সমস্যার কথা বিধায়কের কাছে পৌঁছয় না। এই অ্যাপ চালু হওয়ায় সেই অসুবিধা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

নতুন এই ব্যবস্থায় এলাকার বাসিন্দারা কতটা উপকৃত হন, এখন সেটাই দেখার। চন্দ্রশেখরের আশা, অ্যাপের মাধ্যমে মানুষের অভাব-অভিযোগ সরাসরি তাঁর কাছে পৌঁছবে। তাঁর মতে, এই উদ্যোগ রাজ্যের অন্য এলাকার জনপ্রতিনিধিদের কাছেও উদাহরণ হয়ে উঠতে পারে।

Leave a comment