প্রশাসক হিসেবে নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গে টানা এক মাস ধরে একাধিক কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছে বিজেপি। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি চলবে। বিজেপির রাজ্য নেতৃত্ব জানিয়েছে, রাজ্য স্তর থেকে শুরু করে জেলা, ব্লক এবং বুথ স্তর পর্যন্ত এই উদ্যোগকে ছড়িয়ে দেওয়া হবে।
বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক করে কর্মসূচির বিস্তারিত পরিকল্পনা জানা যায় দলের তরফে। জানা যায়, ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিনে রাজ্যের প্রতিটি বুথে ২৫টি করে আশীর্বাদ প্রদীপ জ্বালানো হবে। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। মোদীর ২৫ বছরের প্রশাসনিক জীবনকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে তথ্যচিত্র প্রকাশ করা হবে। একইসঙ্গে প্রকাশ করা হবে একটি বিশেষ থিম সং।
বিজেপির তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর প্রশাসনিক দায়িত্ব পালন থেকে প্রধানমন্ত্রী হিসেবে বিভিন্ন উদ্যোগ সবই এই প্রচারের মাধ্যমে তুলে ধরা হবে।
এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে বিশেষ প্রচার অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। রাজ্য থেকে জেলা, ব্লক থেকে বুথ সব স্তরে দলের কর্মীরা মানুষের কাছে গিয়ে কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা সম্পর্কে জানাবেন। পশ্চিমবঙ্গে এখনও যাঁদের কাছে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পৌঁছয়নি, তাঁদের কাছে সেই প্রকল্প পৌঁছে দেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এই কর্মসূচিতে পড়ুয়াদেরও সামিল করার পরিকল্পনা রয়েছে। মোদীর ২৫ বছরের প্রশাসনিক জীবনকে কেন্দ্র করে অঙ্কন, রচনা লেখা এবং আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করা হবে। স্কুল, কলেজ এবং চারুকলা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের এই প্রতিযোগিতায় যুক্ত করা হবে। পাশাপাশি কলকাতা-সহ দেশের পাঁচটি শহরে সায়েন্স কংগ্রেস আয়োজনের পরিকল্পনার কথাও জানা গিয়েছে।
প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগকে তুলে ধরতে আলপনা আঁকার কর্মসূচিও থাকবে। বিজেপির দাবি, রাজ্যের বিভিন্ন এলাকায় সাংস্কৃতিক এবং প্রচারমূলক আয়োজনের মাধ্যমে মোদীর প্রশাসনিক জীবনের নানা দিক সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। নবান্নে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানান, ১৭ সেপ্টেম্বর থেকে সরকারের তরফে এক মাসব্যাপী কর্মসূচি নেওয়া হবে। সাধারণ মানুষকে সেই কর্মসূচিতে অংশ নেওয়ার আবেদনও জানিয়েছেন তিনি।
দলীয় সূত্রে জানা গিয়েছে, মোদীর ২৫ বছরের প্রশাসনিক জীবন উদযাপনের পাশাপাশি আসন্ন পুর নির্বাচন এবং দু’টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পে উপকৃত মানুষের অভিজ্ঞতাকেও প্রচারের অংশ করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের জীবনকাহিনি এবং তাঁদের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হবে। এর মাধ্যমে কেন্দ্রীয় প্রকল্পগুলির সুফল আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে দল।

Leave a comment