আঠারো বছরের আগেই গর্ভধারণের ঘটনা নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। নাবালিকা অন্তঃসত্ত্বা হলে গর্ভাবস্থা থেকে প্রসব এবং পরবর্তী সময় পর্যন্ত কীভাবে চিকিৎসা ও নজরদারি চালানো হবে, এবার তার নির্দিষ্ট রূপরেখা তৈরি করতে চলেছে স্বাস্থ্যদপ্তর। কিশোরী প্রসূতিদের জন্য পৃথক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

এই এসওপি তৈরির জন্য নয় সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়ের নির্দেশেই এই উদ্যোগ বলে স্বাস্থ্যদফতর সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি স্বাস্থ্যভবনে আঠারোর আগে গর্ভধারণের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। নাবালিকাদের বিয়ে না দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান স্বাস্থ্যমন্ত্রী। 

তাঁর বক্তব্য, কম বয়সে গর্ভধারণ করলে কিশোরী মায়ের গর্ভাবস্থায় নানা শারীরিক জটিলতার আশঙ্কা থাকে। নতুন এসওপি-তে গর্ভাবস্থা শনাক্ত হওয়ার পর দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং কিশোরীকে অ্যান্টিন্যাটাল কেয়ারের আওতায় আনার উপর গুরুত্ব দেওয়া হতে পারে। প্রসূতির ঝুঁকি চিহ্নিতকরণ, নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা, রক্তাল্পতা ও অপুষ্টির মোকাবিলা এবং প্রয়োজন অনুযায়ী উচ্চতর চিকিৎসাকেন্দ্রে রেফার করার ব্যবস্থা থাকবে। নিরাপদ প্রসবের পাশাপাশি প্রসবের পর মা ও সদ্যোজাতের স্বাস্থ্যপরিস্থিতির উপর নজরদারিও এসওপি-র গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।

কমিটিতে কলকাতা মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক দেবাশিস দাস রয়েছেন। পাঁচ জন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞের মধ্যে রয়েছেন সঞ্জয় ভট্টাচার্য, সৌরভ চট্টোপাধ্যায়, তুলিকা ঝা, শেলি শেঠ এবং ভাস্কর পাল। এছাড়া সরকারি স্বাস্থ্যকর্তা হিসেবে রয়েছেন শ্যামলী রুদ্র, শাশ্বতী নাগ এবং সীমা মাইতি।

আগামী ১৮ সেপ্টেম্বর স্বাস্থ্যভবনে কমিটির প্রথম বৈঠক হওয়ার কথা। 

স্বাস্থ্যকর্তাদের মতে, ১৯ বছর বয়স পর্যন্ত গর্ভবতী মহিলাদের কিশোরী প্রসূতি হিসেবে বিবেচনা করা হয়। কম বয়সে গর্ভধারণের প্রভাব মা ও শিশুর স্বাস্থ্যের উপর পড়তে পারে।

সম্প্রতি মালদহ মেডিক্যাল কলেজে সদ্যোজাত মৃত্যুর ঘটনায় কয়েকজন মৃত শিশুর মা কিশোরী প্রসূতি ছিলেন বলে স্বাস্থ্যদপ্তরের পর্যবেক্ষণে উঠে আসে। এই পরিস্থিতিতে দ্রুত ঝুঁকি শনাক্ত করে চিকিৎসা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে রেফারেল নিশ্চিত করে মা ও শিশুমৃত্যুর ঝুঁকি কমাতেই নতুন এসওপি তৈরির উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

Leave a comment