বাংলা সাহিত্যের পাঠ্যক্রমে ফেরানো হোক কবি সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’ এবং ‘রবীন্দ্রনাথের প্রতি’। এই দাবি জানিয়ে রাজ্য সরকারের কাছে চিঠি দিল ‘পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ’। সংগঠনের চিঠিতে সই করেছেন পবিত্র সরকার এবং রজত বন্দ্যোপাধ্যায়।
২০১৪ সালের পর থেকে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে সুকান্তের এই দুই কবিতা আর নেই। সংগঠনের বক্তব্য, সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়াশোনার পাঠ্যক্রম থেকে বাদ দেওয়ার কোনও যুক্তি থাকতে পারে না। বিশেষ করে চলতি বছর কবির জন্মশতবর্ষ। এমন সময়ে তাঁর লেখা পড়ুয়া এবং বৃহত্তর সমাজের কাছ থেকে দূরে রাখা সমর্থনযোগ্য নয় বলেই দাবি সংগঠনের।
রাজ্য সরকারকে লেখা চিঠিতে তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সিলেবাসে ওই দুই কবিতা ফের অন্তর্ভুক্ত করার আবেদন জানানো হয়েছে। তবে এই বিষয়ে এখনও সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এদিকে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে স্কুলের পাঠ্যক্রমে বড়সড় বদল আনা হবে বলে আগেই জানিয়েছেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মণ। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রথম শ্রেণি থেকে শুরু করে গোটা সিলেবাসেই আমূল পরিবর্তন করা হতে পারে। ২০২৮ সালে এই পরিবর্তন কার্যকর হওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
ইতিমধ্যেই নতুন সিলেবাস কমিটি তৈরি হয়েছে। সেই কমিটির দায়িত্বে রয়েছেন অধ্যাপক দেবশিস চট্টোপাধ্যায়। দীপকবাবু জানিয়েছেন, ২০২৭ সালের প্রস্তাবিত সিলেবাসও ইতিমধ্যে ফের পর্যালোচনা করা হয়েছে। ফলে নতুন করে সিলেবাস তৈরির সময় সুকান্তের কবিতা ফের পাঠ্যক্রমে জায়গা পায় কি না, এখন সেদিকেই নজর।

Leave a comment