ফের নিম্নচাপ! ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। আগামী ৩ দিন অর্থাৎ শুক্র থেকে রবি, দক্ষিণবঙ্গের সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরেও জারি থাকবে বৃষ্টির দাপট। বিদায়ের আগে শেষবারের জন্য ঝোড়ো ব্যাটিং করতে চলেছে বর্ষার বৃষ্টি। 

আগামী ১২ থেকে ২১ সেপ্টেম্বর বর্ষার দাপট তীব্র থাকবে৷ ১২-২১ সেপ্টেম্বরের মধ্যে ভারী বৃষ্টির পর্ব মিটলেই বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হবে দেশজুড়ে, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। প্রথমে উত্তর-পশ্চিম ভারত তারপর মধ্য এবং এরপর পূর্ব ভারত থেকে বিদায় নেবে বর্ষা।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে তৈরি ঘূর্ণাবর্তের প্রভাব তৈরি হবে এই নিম্নচাপটি। অন্যদিকে, একটি মৌসুমি অক্ষরেখা জম্মু, দেরাদুন, পন্থনগর, বস্তি, ছাপরা, পুরুলিয়া এবং দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দুইয়ে মিলে দক্ষিণবঙ্গ ভাসাতে চলেছে ফের একবার। 

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে সে কারণে কমলা সতর্কতাও জারি করা হয়েছে আগামী ৩ দিন। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া-সহ বজ্রবিদ্যুতের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা বইবে। 

উত্তরের প্রতিটি জেলাতেই সামনের কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির বিস্তার বেশি হতে পারে। উত্তরবঙ্গেরও সব জেলাতেই ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

Leave a comment