সোমবার সকালে দিল্লির নর্থ ব্লক থেকে কালো ধোঁয়া বের হতে দেখে চাঞ্চল্য ছড়ায়। স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দফতরের এই ভবনের পিছন দিক থেকেই ধোঁয়া উঠতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন। তবে ভবনের ঠিক কোন অংশে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।
দিল্লি দমকলের কাছে সকালে ফোন আসে নর্থ ব্লকের ভিতর থেকে ধোঁয়া বেরনোর খবর দিয়ে। এরপরেই ঘটনাস্থলে পাঠানো হয় ছ’টি ইঞ্জিন। আগুনের কারণ বা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য মেলেনি।
সংসদে যাওয়ার পথে নর্থ ব্লকের পিছন থেকে ধোঁয়া বের হতে দেখেন শিবসেনার সাংসদ মিলিন্দ দেওরা। সেই দৃশ্যের ছবি সোশাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। পোস্টে সকলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দেওরা। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
দিল্লির রাইসিনা হিলে অবস্থিত নর্থ ব্লক ও সাউথ ব্লক দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দফতর হিসেবে পরিচিত। স্বরাষ্ট্র, অর্থ, বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রক-সহ একাধিক মন্ত্রক এবং প্রধানমন্ত্রীর দফতর আগে এই দুই ভবনে ছিল। কেন্দ্রের সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় নতুন সচিবালয় ভবন তৈরি করে বিভিন্ন মন্ত্রককে সেখানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যেই নর্থ ব্লক থেকে ধোঁয়া বেরনোর ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে।

Leave a comment