মুম্বই-হাওড়া দুরন্ত এক্সপ্রেসের প্যান্ট্রিকারে আগুন। ঘটনার সময় ট্রেনটি মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস ইয়ার্ডে দাঁড়িয়ে ছিল বলে জানা গিয়েছে। বুধবার ট্রেনের খালি রেকে এই ঘটনা ঘটে। সেই সময় ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। 

বুধবার ভোর ৩টে ৪০ মিনিট নাগাদ প্যান্ট্রি কারে আগুন লাগে। প্রথমে ধোঁয়া বেরোতে দেখা যায়। তারপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। প্রায় ৪টে ১ মিনিটে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন এবং কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। রেলের তরফে জানানো হয়েছে, ঘটনায় কেউ আহত হননি। 

অগ্নিকাণ্ডে প্যান্ট্রি কারের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। কিন্তু আগুন লাগার , তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি  অন্য কোনও কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল বিভাগ।

রেল সূত্রে জানা গিয়েছে, এক্সপ্রেসটির মুম্বই থেকে হাওড়ার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু যাত্রা শুরু হওয়ার আগেই আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার  ঘটনার পর ট্রেনটির নির্ধারিত যাত্রাসূচিতিতেও পরিবর্তন করা হয়। ২৯ সেপ্টেম্বর বিকেল ৫টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও পরে ৩০ সেপ্টেম্বর সকাল ৮টা ৩০ মিনিটে ট্রেনটি পুনর্নির্ধারিত করা হয়। 

প্যান্ট্রিকারে রান্নার সরঞ্জাম এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি থাকে। সেই জন্য অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখার পাশাপাশি রেকটির রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থাও পরীক্ষা করা হচ্ছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

Leave a comment